পুরস্কারটা মেসিকেই দিতে চেয়েছিলেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা বর্ষসেরা অনুষ্ঠানে মুখোমুখি ম্যারাডোনা-মেসি l এএফপি
ফিফা বর্ষসেরা অনুষ্ঠানে মুখোমুখি ম্যারাডোনা-মেসি l এএফপি

মুখবন্ধ খামে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। খাম খুলে হাসিমুখে সেই নাম ঘোষণা করলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু মুখে হাসি থাকলেও বুকে ছিল কষ্ট! রোনালদো না পেয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা লিওনেল মেসি পেলে আরও ভালো লাগত ম্যারাডোনার। কথাটা আর্জেন্টাইন কিংবদন্তি নিজেই বলেছেন টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে।

এটুকু স্বজনপ্রীতি অবশ্য ম্যারাডোনার থাকতেই পারে। মেসি তো আর শুধুই তাঁর স্বদেশি নন, একসময় যে শিষ্যও ছিলেন। মাঝে অবশ্য শোনা গিয়েছিল, কিছুটা শীতল হয়ে গেছে ম্যারাডোনা-মেসি সম্পর্ক। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা ও ২০১৬ সালের শতবর্ষী কোপা আমেরিকা—টানা তিনটি টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় অনেকেই মেসির সমালোচনা করেছিলেন। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টাইন অধিনায়কের সামর্থ্য নিয়েও। সেই সময় ম্যারাডোনাও বলেছিলেন, আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব নেই মেসির। মেসি অবশ্য পাল্টা কিছু বলেননি। তবে গত জুলাই মাসে নিজের বিয়েতে মেসি ম্যারাডোনাকে দাওয়াত না দেওয়ায় গুঞ্জন ছড়ায়, দুজনের সম্পর্কটা আর আগের মতো নেই।

কিন্তু ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার নিয়ে কথা বলতে গিয়ে ম্যারাডোনা বুঝিয়ে দিলেন, তাঁর হৃদয়ে মেসির জন্য ভালোবাসাটা আগের মতোই আছে, ‘দ্য বেস্ট ট্রফিটা রোনালদোর হাতে তুলে দিয়েছি। মেসিকে দিতে পারিনি বলে আমার কষ্ট লেগেছে।’

তবে লন্ডনে সেই রাতেই অনেক দিন পর মেসির সঙ্গে দেখা হয়েছে ম্যারাডোনার। দুজনকে বেশ অন্তরঙ্গ হয়ে কিছুক্ষণ আলাপ করতেও দেখা গেছে। পরে মেসি ও তাঁর স্ত্রী ছবি তুলেছেন ম্যারাডোনা ও তাঁর বান্ধবীর সঙ্গে। দুজনের সম্পর্ক নিয়ে ম্যারাডোনাই পরে বলেছেন, ‘ওর (মেসি) সঙ্গে আমার সাক্ষাৎটা দারুণ ছিল। আমরা একসঙ্গে অনেক কথা বলেছি। আমাদের মধ্যে যে ভালোবাসা ও সৌহার্দ্য সব সময় ছিল, এখনো সেটাই আছে।’ ইএসপিএন।