পুরুষেরাও কাঁদে, জানালেন রোনালদো
ফুটবলভক্তরা স্পোর্টস স্ট্রিমিং সার্ভিস ডিএজেডএন আর বক্সার গেনাডি গোলোভকিনকে একটা ধন্যবাদ দিতেই পারেন! তাঁরা উদ্যোগ না নিলে ক্রিস্টিয়ানো রোনালদোর অজানা অনেক দিক যে জানাই হতো না!
‘প্যারালেল ওয়ার্ল্ডস’ নামের এক তথ্যচিত্রে সম্প্রতি দেখা গিয়েছে জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে। বক্সার গেনাডি গোলোভকিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের অজানা দিকই তুলে ধরেছেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই ক্রীড়া তারকা। নিজের অন্দরমহলের দুয়ারটা যেন একদম ভক্তদের জন্য অবারিত করে দিয়েছিলেন রোনালদো। যেখানে ভ্রমণ করতে করতে ভক্তরা বুঝতে পেরেছেন, রোনালদোও মানুষ। অতিমানব কেউ নন। আর দশজনের মতো তাঁরও আবেগ-অনুভূতি আছে। আছে কষ্ট, আছে বেদনা-গ্লানি, ‘আমার মতে, একজন মানুষের আবেগ-অনুভূতি থাকা ভালো। আমি মানুষ হিসেবে কেমন, সেটা আমি দেখাই না। মানুষ বলে, পুরুষ কখনো কাঁদে না। কিন্তু কে বলেছে পুরুষেরা কাঁদে না? আমাদেরও আবেগ আছে। আমাদেরও অনুভূতি আছে। আমরাও সেগুলো প্রকাশ করতে পছন্দ করি!’
এই বয়সেও রোনালদোর যা শরীর, তাতে অনায়াসে তিনি চাইলে বক্সিংও খেলতে পারবেন। এই তথ্যচিত্রের কল্যাণে জানা গেল, বক্সিং কিংবা কমব্যাট স্পোর্টস তিনি বেশ ভালোই পছন্দ করেন, কোনো কোনো ক্ষেত্রে ফুটবলের চেয়েও বেশি, ‘ফুটবল খেলাটা আমার জন্য একটা প্যাশন। তবে আমি টিভিতে অন্যান্য খেলা দেখতেও পছন্দ করি। ফুটবল কিংবা বক্সিং খেলা কিংবা ইউএফসি দেখার মধ্যে যেকোনো একটা বেছে নিতে বললে আমি বক্সিং কিংবা ইউএফসিই বেছে নেব; ফুটবল নয়।’
বক্সিংয়ের প্রতি এই দরদের কারণ, সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এক কোচ। তিনি জানান, মাঝেমধ্যেই রোনালদোর সঙ্গে কুস্তি করতেন, ‘আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলাম, এক কোচ আমার সঙ্গে বক্সিং করতেন। আমার মনে হয়, ফুটবলারদের জন্য বক্সিংয়ের অনুশীলন করা জরুরি, কেননা এটা আপনার অনুভূতিকে আরও সজাগ করে তোলে, আপনার মুভমেন্ট আরও ক্ষিপ্র হয়।’
এই তথ্যচিত্রে নিজের শুরুর সময়কার কষ্ট ও সংগ্রামের কথাও তুলে ধরেছেন রোনালদো, ‘আমি মাদেইরার এক দ্বীপে জন্মেছিলাম। আমার বয়স যখন ১১, তখন স্পোর্টিং লিসবনের কর্তারা আমাকে দলে নেওয়ার জন্য আমার মা–বাবার সঙ্গে আলোচনা করতে এলেন। তাঁরা আমাকে বললেন, আমাকে তাঁরা চান। কিন্তু তাঁদের হয়ে খেলতে গেলে আমাকে মাদেইরা ছেড়ে লিসবনে থাকতে হবে। পরিবারকে ছেড়ে লিসবনে থাকতে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। এই মুহূর্তটা, ও যখন আমি আমার বাবাকে হারালাম, তখন।’
বয়স বাড়লেও তিনি এখনো আর দশজন ক্রীড়া তারকার মতো আস্তে আস্তে সরে যেতে রাজি নন। রোনালদো থাকতে চান শীর্ষেই, ‘গত গ্রীষ্মে, অ্যান্থনি জোশুয়ার সঙ্গে আমার কথা হয়েছিল। ৩৩ বছর বয়সে আপনার মনে হতেই পারে আপনার পা দুটো আস্তে আস্তে ধীর হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই খেলায় থাকতে চাই। সব সময় খেলতে চাই। মানুষ আমাকে দেখে বলে ক্রিস্টিয়ানো অসাধারণ একজন খেলোয়াড়, কিন্তু ও এখনো আরও ধীর হয়ে গিয়েছে। আমি এটা চাই না। যেকোনো খেলাতেই বয়সের সঙ্গে সঙ্গে পরিপক্বতা বাড়ে। টেনিসের রজার ফেদেরারকেই দেখুন, ওর বয়স ৩৭ বা ৩৮, কিন্তু এখনো সে তার ক্যারিয়ারের শীর্ষে। বক্সিংয়েও এমন অনেকে আছেন।’