পুরোনো ক্লাবে এমন ভাগ্য!
২৩ বছর আগে এই ক্লাবকে নিয়ে গিয়েছিলেন প্রথম বিভাগে। হেনরিক লারসন তখন কি ভেবেছিলেন, কোচ হয়ে এই ক্লাবের হয়েই মুদ্রার উল্টো পিঠটা দেখতে হবে? যে সমর্থকেরা একদিন তাঁকে আলিঙ্গনে বেঁধেছেন, তাঁরাই তাঁকে ও তাঁর ছেলেকে এমনভাবে অপমান করবেন? হেলসিংবর্গের হয়ে সুইডিশ কিংবদন্তির সেই অভিজ্ঞতাই হয়েছে।
গত বছর সুইডেনের এই ক্লাবের দায়িত্ব নেন লারসেন। গত পরশুর ম্যাচটা ছিল প্রথম বিভাগের প্লে-অফের, হেরে গেলেই নেমে যেতে হবে দ্বিতীয় বিভাগে। ছেলে জর্ডান লারসেনও খেলে এই ক্লাবে, তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল হেলসিংবর্গ। ম্যাচটা বাঁচিয়ে ফেলবে বলেই মনে হচ্ছিল। কিন্তু হামস্টাড শেষ তিন মিনিটে দুই গোল করে পেয়ে গেছে দারুণ এক জয়।
আসল নাটক হয়েছে এরপর। ম্যাচ শেষ হতেই খেলোয়াড়দের দিকে চেয়ার ছুড়ে মারতে থাকেন হেলসিংবর্গ সমর্থকেরা। এর মধ্যে মুখোশধারী কয়েকজন সমর্থক মাঠে নেমে ঘিরে ধরেন জর্ডানকে। একজন তাঁর শার্ট টেনে ধরে আঘাতও করতে গিয়েছিলেন। কিন্তু লারসেন তখন চলে আসেন সেখানে। ওদিকে নিরাপত্তাকর্মীরা এনে আটক করেন সেই ক্ষুব্ধ ভক্তদের। বড় কিছু আর হয়নি। পরে এ ঘটনা নিয়ে লারসেন কোনো মন্তব্যও করেননি। রয়টার্স।