দেজাভু শব্দটা ফরাসি, তবে ইংরেজিতেও বেশ চলছে। এটির অর্থ অতীতের কোনো স্মৃতি ফিরে ফিরে আসা। পরশু চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পর অনেকেরই হয়তো ‘দেজাভু’র অনুভূতি হয়েছে। বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি, আর্সেনাল-বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি-শালকে...যেন গত মৌসুমের ড্রয়ের ছোটখাটো একটা পুনর্মঞ্চায়ন হয়ে গেল পরশু মোনাকোতে।
ম্যানচেস্টার সিটি নিজেদের একটু দুর্ভাগাই ভাবতে পারে। তিন মৌসুম আগে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর বায়ার্নের সঙ্গে যেন মিতালি পাতিয়ে ফেলেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। এ নিয়ে তৃতীয়বার তাদের দেখা হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের সঙ্গে। গতবার তাও জার্মান চ্যাম্পিয়নদের গ্রুপ থেকে উতরাতে পেরেছিল, প্রথমবার তাও পারেনি। সব মিলিয়ে মৃত্যুকূপ যদি কোনোটিকে বলতে হয়, সেটা বায়ার্ন-সিটি-সিএসকেএ মস্কো-রোমার গ্রুপ ‘ই’কেই বলতে হবে। সিটির ফুটবল পরিচালক চিকি বিগিরিস্তাইন তো বলেই দিলেন, ‘এটাই সবচেয়ে কঠিন গ্রুপ।’ বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামার একটু ঘুরিয়ে বললেন, ‘এই গ্রুপটা খুব আকর্ষণীয়। আবার সেই সঙ্গে খুব, খুব কঠিন। এটা অবশ্য আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জও।’ মজার ব্যাপার, বায়ার্ন-সিটি-সিএসকেএ, তিনটি দলই গতবার এক গ্রুপে পড়েছিল!
রিয়াল মাদ্রিদ ও লিভারপুল সেই ২০০৯-১০ মৌসুমে এক গ্রুপে পড়েছিল, চার বছর পর আবার দুদল এক গ্রুপে। সেবার অ্যানফিল্ডে তো বটেই, বার্নাব্যুতেও রিয়ালকে হারিয়েছিল লিভারপুল। অল রেডদের কোচ ব্রেন্ডন রজার্স সেটি ভেবেই কি রোমাঞ্চিত? ‘ফিরতে পারাটা সব সময়ই বেশ রোমাঞ্চকর। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে এক গ্রুপে পাওয়াটা আসলেই দারুণ বিশেষ কিছু।’ তবে সঙ্গে বাসেল ও নবাগত বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেৎসকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ড্র নিয়ে সন্তুষ্টই, ‘লিভারপুলের ম্যাচগুলো কঠিন হবে। তবে সব মিলিয়ে গ্রুপটা ভালোই হয়েছে। আশা করি আমরা গত মৌসুমের পুনরাবৃত্তি করতে পারব।’
বার্সেলোনা-পিএসজির দ্বৈরথের স্মৃতিও এখনো সজীব। দুই মৌসুম আগেই কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। ফরাসি চ্যাম্পিয়নদের পেয়ে বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা মানছেন, ‘পিএসজির মতো দলের সঙ্গে শুরু করাটা কঠিন।’ তবে জ্লাতান ইব্রাহিমোভিচের জন্য ড্র-টা একধরনের পুনর্মিলনী, দুই পুরোনো ক্লাব বার্সা-আয়াক্সকে পাচ্ছেন পিএসজি স্ট্রাইকার। এএফপি।