পুরোনো পথে পেশাদার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুগ্ণ পেশাদার ফুটবল লিগের গায়ে তাহলে রং লাগছে! হ্যাঁ, আজই এ নিয়ে বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে সাইফ পাওয়ারটেকের। আগামী পাঁচ বছর পেশাদার লিগের স্বত্ব থাকবে এই প্রতিষ্ঠানের হাতে। বিনিময়ে বাফুফে পাবে বছরপ্রতি চার কোটি টাকা।
এই চুক্তির সঙ্গে তুলনা করা হলে দেখা যাবে গত বছর লিগটাকে পানির দামে বিক্রি করেছিল (এক কোটি টাকা) বাফুফে। তবে অর্থযোগের চেয়েও বড় ব্যাপার, ঢাকায় বাক্সবন্দী হয়ে পড়া লিগটাকে নতুন কলেবরে ঢাকার বাইরে ছড়ানো যাচ্ছে আগামী মাস থেকে।
ঢাকাসহ ছয়টি ভেন্যুতে খেলা। অন্য ভেন্যু হলো চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং বরিশাল বা গোপালগঞ্জ। খেলাটা হবে একসময়ের দর্শকপ্রিয় নিটল-টাটা জাতীয় লিগের আদলে। অর্থাৎ একেক ভেন্যুতে একসঙ্গে সব দল খেলে আরেকটি ভেন্যুতে যাবে। বিপুল সাড়া পাওয়া জাতীয় লিগের সেই সময়টাকে ফিরিয়ে আনতেই বাফুফের এই নতুন উদ্যোগ।
কিন্তু এই পদ্ধতি পেশাদার লিগের সঙ্গে যায় না। পেশাদার লিগের নিয়ম মানলে ক্লাব নিজস্ব ভেন্যু নিতে বাধ্য। হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক লিগের সবকিছু ক্লাবেরই করার কথা। কিন্তু বাংলাদেশে ক্লাবগুলো এখানে যেন দর্শক! গত আটটি পেশাদার লিগে ঢাকার বাইরে বিচ্ছিন্ন কয়েকটি ভেন্যু হলেও বড় দলগুলো ভেন্যু নেয়নি। এবার শুধু ভেন্যু নয়, যাতায়াত, থাকা-খাওয়ারও খরচ ক্লাবগুলোকে দিচ্ছে ফেডারেশন। ক্লাবগুলো গতবার বাফুফের কাছ থেকে অনুদান পেয়েছে ২৫ লাখ টাকা করে, এবার বাড়তে পারে।
বিনিময়ে ক্লাব ‘কষ্ট’ করে ঢাকার বাইরে খেলে এলেই বাফুফে খুশি। এ প্রসঙ্গে বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলছেন, ‘ক্লাব ঢাকার বাইরে ভেন্যু নিতে চায় না। বলেন কী করব আমরা!’ অথচ গত আট বছরে বাফুফে কোন ক্লাবকে সামান্যতম হুমকি দিয়ে বলতে পারেনি, ভেন্যু না নিলে অনুদান বন্ধ বা শাস্তি হবে। ভোটের কথা মাথায় রেখেই আসলে ক্লাবকে চটাতে চায় না ফেডারেশন!
তবে এটি সালামের চোখে আগামীর বিনিয়োগ, ‘এবার ফেডারেশন ঢাকার বাইরে ভেন্যু নেওয়ায় সাড়া পড়বে এবং আগামী বছর ওই ভেন্যুগুলো নিতে আগ্রহী হবে ক্লাব।’ তবে অভিজ্ঞতা বলছে, ক্লাবগুলোর এসব দিকে মনোযোগ নেই। বাফুফে তাদের বাধ্য না করে এখন পেশাদার লিগের মোড়কে টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড় করছে। কয়েক দিন সব দল একেক জায়গায় ম্যাচ খেললেই পেশাদার লিগের মূল চেতনা প্রতিষ্ঠিত হয় না।
নিটল-টাটা জাতীয় লিগ থেকে বেরোতেই পেশাদার লিগের প্রবর্তন। অথচ ১০ বছর পর সেই নিটল-টাটার ছকেই খোঁজা হচ্ছে সমাধান! তবে এটিকে দীর্ঘস্থায়ী সমাধান মানেন না পেশাদার লিগ শুরুর সময়ে বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘ভেন্যু বাড়ানোর উদ্যোগটা ভালো। তবে একেকটি ভেন্যুতে একসঙ্গে খেলা পেশাদার কাঠামোর মধ্যে পড়ে না। এটা সাময়িক হতে পারে,মূল লক্ষ্য হওয়া উচিত ক্লাবগুলোর নিজস্ব ভেন্যু তৈরি ও ক্লাব কাঠামো শক্তিশালী করা। শুরুতে ওই লক্ষ্যটাই ছিল আমাদের।’
সেই লক্ষ্য পূরণে ক্লাব কাঠামো নিয়ে কোনো আলোচনা নেই বাফুফেতে। যে কারণে গত দশ বছরে এ নিয়ে কোনো অগ্রগতিও হয়নি। ক্লাব চলছে নিজস্ব গতিতে। তবে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রহুল আমিনের বিশ্বাস এবার লিগ জমবে, ‘লিগটাকে জনপ্রিয় করতে ব্যাপক প্রচারণা চলাব এবং টিভিতে সব খেলা দেখাতে চেষ্টা করব।’ কিন্তু প্রশ্ন হলো, সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষক, সেই প্রতিষ্ঠান গোটা লিগের স্বত্ব কিনলে চট্টগ্রাম আবাহনী বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করবে। রুহুল আমিন তা মানছেন না, ‘সব দলকেই আমরা সমানভাবে দেখব।’