পুরোনো মেসি, নতুন মুনির

লিওনেল মেসি জোড়া গোল করেছেন। মেসির জন্য এটাই স্বাভাবিক ঘটনা, এতে অবাক হওয়ারও কিছু নেই। এলচেকে ৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। এতেও বিস্ময়ের কিছু নেই, বার্সেলোনার তো জেতাই উচিত। ন্যু ক্যাম্পের দর্শকেরা এসব দেখে অভ্যস্ত । তবে পরশু নতুন কোচ লুইস এনরিকে একটা নতুন ‘উপহার’ দিলেন ন্যু ক্যাম্পকে। মুনির এল হাদ্দাদি নামের ‘বিস্ময়বালক’কে যে চিনল এই ম্যাচই!
নতুন মৌসুমের প্রথম ম্যাচ, ডাগ-আউটে অভিষেকে লুইস এনরিকে কেমন করেন, এ নিয়ে সবার আগ্রহ তো ছিলই। খেলা শুরুর আগেই দর্শকদের চমকে দিলেন বার্সা কোচ। আক্রমণে মেসির সঙ্গী দুজন প্রায় আনকোরা খেলোয়াড়। ২১ বছরের রাফিনহা তাও সেল্টা ভিগোতে গত মৌসুমে কয়েকটি ম্যাচ খেলেছেন, মুনির নামের ১৮ বছর বয়সী তরুণের তো এদিনই অভিষেক হলো সিনিয়র দলে। নিষেধাজ্ঞায় নেই সুয়ারেজ, চোটের কারণে নেইমারও নেই। এই তরুণ তুর্কিদের নিয়ে মেসি কত দূর কী করতে পারতেন? ম্যাচ শেষে এনরিকে নিশ্চয়ই মুচকি হেসেছেন? অভিষেকেই গোল করে মুনির জানান দিয়েছেন ন্যু ক্যাম্পে থাকতেই এসেছেন!
প্রথম গোল কিন্তু পেয়ে যেতে পারতেন ২২ মিনিটেই। বাঁ পায়ের শটটা ফিরে আসে ক্রসবারে লেগে। এর মধ্যেই দুর্দান্ত দৌড়ে, দারুণভাবে বল নিয়ন্ত্রণে বুঝিয়ে দিচ্ছিলেন কেন তাঁকে ভবিষ্যতের তারকা বলা হয়। শেষ পর্যন্ত প্রথম গোলটা আসে বিরতির ঠিক পর, রাকিতিচের লব থেকে দুর্দান্ত একটা ফ্লিকে।
দর্শকদের জন্য চমক ছিল বটে, তবে মুনির আগের রাতেই সুখবরটা জেনে গিয়েছিলেন। পরে জানিয়েছেন, উৎকণ্ঠায় সারা রাত নির্ঘুম কেটেছে। ম্যাচে অবশ্য সেই উদ্বেগের ছিটেফোঁটাও দেখা গেল না। লুইস এনরিকে তাই গর্বভরে বলতে পারলেন, ‘ওকে খেলানোর ব্যাপারে কোনো ভয় ছিল না। সে অনুশীলনে যেমন, মাঠেও তেমন।’ তবে বার্সা কোচ জানেন, ১৮ বছর বয়সী একজনের এখনই পাদপ্রদীপের আলোয় চলে আসাটা একটু ঝুঁকিপূর্ণ। মনে করিয়ে দিলেন, ‘আমাদের ভুলে যাওয়া উচিত হবে না প্রথম একাদশে নিয়মিত হতে হলে ওকে এখনো অনেক কিছু করতে হবে।’
লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও খেলতে পারতেন মুনির। ১৪ বছর বয়সে ধারে সেখানে এক মৌসুম খেলেছিলেনও। কিন্তু বার্সার বিখ্যাত লা মেসিয়ার ডাক উপেক্ষা করেন কী করে? বার্সেলোনার হয়ে উয়েফা যুব লিগের ফাইনালে খেলেছেন, মধ্যমাঠ থেকে অবিশ্বাস্য একটা গোলও করেছিলেন। এই বছরেই অভিষেক হয় বার্সার ‘বি’ দলে। সেখানে ১১ ম্যাচ খেলে করেছেন ৪ গোল। তার পরও মূল দলে সুযোগ পাওয়াটা অভাবনীয়ই ছিল। সেটা সম্ভব হয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতিতে দুর্দান্ত খেলে।
মুনির কিন্তু মেসি, ইনিয়েস্তাদের সঙ্গে খেলতে পেরেই আপ্লুত। সেটা স্বাভাবিক, তাও আবার মেসিকে মেসির মতোই খেলতে দেখেছেন। বাঁ পায়ে করা দুটি গোলই মনে করিয়ে দিল পুরোনো মেসিকে। ম্যাচ শেষে এনরিকে অন্য রকম একটা শংসাপত্রই দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে,‘বিশ্বের সেরা ডিফেন্ডার হতে চাইলে সে সেটাই হতে পারত। তার একটা জাদুর কাঠি আছে। যত দিন সে চাইবে, তত দিন সে বিশ্বসেরা থাকবে।’ বিশেষ করে ম্যাচের অর্ধেকটা সময় ১০ জন নিয়েও দাপিয়ে খেলার জন্য আরও বেশি আপ্লুত হবেন এনরিকে। বিরতির আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল হাভিয়ের মাচেরানোকে। কিন্তু একজনের অভাব মেসিরা সেভাবে বুঝতেই দেননি। এএফপি, বার্সেলোনাডটকম।

মেসির টানা চতুর্থ
এলচের সঙ্গে ম্যাচ শুরুর আগেই লিওনেল মেসি বোধ হয় জানতেন, জোড়া গোল করতে যাচ্ছেন। গত তিন মৌসুম ধরেই যে লা লিগায় বার্সার প্রথম ম্যাচে এই কীর্তি করে আসছেন!
২০১১-১২ মৌসুম থেকে শুরু। সেবার ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার ৫-০ গোলের জয়ে মেসি করেছিলেন ২ গোল। পরের দুই মৌসুমে রিয়াল সোসিয়েদাদ ও লেভান্তের সঙ্গে বার্সা বড় জয় দিয়েই মৌসুম শুরু করে। আর মেসিও দুবারই করেছেন জোড়া গোল।
অবশ্য প্রথম ম্যাচে প্রথম গোল করেন ২০০৬-০৭ মৌসুমে। সেটি ছিল নিজের দ্বিতীয় মৌসুম আর সেল্টা ভিগোর সঙ্গে প্রথম ম্যাচেই করেন গোল। সেই ধারাটা ধরে রাখতে পারেননি পরের দুবার। ২০০৭-০৮-এ রেসিং সান্তান্দারের সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সা, পরেরবার নুমানসিয়ার সঙ্গে তো হেরেই যায়। ২০০৯-১০ মৌসুমে গিজনের সঙ্গে ম্যাচে মাঠেই নামেননি। পরের মৌসুমে মানে ২০১০-১১ মৌসুমে সান্তান্দারের সঙ্গে আবার গোল মেসির, এবার একটি। জয় পায় বার্সাও। প্রথম ম্যাচে মেসির গোলের সঙ্গে বার্সার জয়টাও তাই সমার্থক হয়ে গেছে!