পুরো ইউরোপ উন্মুখ হয়ে আছে
ইউরোর ফাইনাল নিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এ লিখেছেন বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক।
২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ হবে জার্মানিতে। এ কারণে এবার আমি একটা বিষয় খুব আগ্রহ নিয়ে দেখতে চেয়েছি যে স্বাগতিক দলগুলো খেলে আর টুর্নামেন্টে কী প্রভাব রাখতে পারে। যেকোনো টুর্নামেন্টেই আবহটা জমজমাট হওয়ার জন্য একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আর সেটা হলো স্বাগতিক দলগুলোর সাহসী খেলা উপহার দেওয়া আর সমর্থকদের মাঝে আশার আলো ছড়িয়ে দেওয়া। এর জন্য স্বাগতিক দলে পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় থাকতে হবে। এমন খেলোয়াড়, যাকে সহজেই সমর্থকেরা আলাদা করতে পারে। স্বাগতিক দলের খেলোয়াড়দের এটাও বুঝতে হবে যে তারা ঘরের মাঠে খেলছে এবং সমর্থকেরা যেন এ বিষয়টি অনুভব করতে পারে।
মানুষ স্বাগতিক দলের খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে খেলতে দেখতে চায়। এ ছাড়া তারা দেখতে চায় টুর্নামেন্ট যত সামনের দিকে এগোবে, দল ততই ভালো খেলবে। ফুটবলীয় দৃষ্টিকোণ বা সামাজিক পরিমণ্ডল থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপে স্বাগতিক দলের সাফল্যের প্রভাব অনেক। স্বাগতিক দলের সাফল্যে এমন মূল্যবোধ যোগ হওয়ার উদাহরণ আগেই তৈরি হয়েছে। ১৯৯৬ ইউরোতে ইংল্যান্ড দল এটা করেছে। ফ্রান্সের বেলায় এটা হয়েছে ১১৯৮ বিশ্বকাপে, ২০০৬ বিশ্বকাপে জার্মানি।
এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি স্বাগতিক দল খেলেছে। আর ফাইনালেও উঠেছে স্বাগতিক দলের মধ্যে দুটি। ইংল্যান্ডকে ওয়েম্বলিতে পাঁচ ম্যাচে সমর্থন করে গেছে দলটির সমর্থকেরা। দলটির খেলোয়াড়েরাও তাদের দুর্দান্ত খেলোয়াড়ি সামর্থ্যে নির্ভর করেছে এবং বাতাসে খুব শক্তিশালী করে তুলেছে নিজেদের। খেলার যে ধরনটা আমরা অতীতে প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের ফুটবলে দেখে এসেছি।
গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডকে অনেক কিছুই দিয়েছেন। কিন্তু দুটি বিষয় সবার চেয়ে আলাদা। প্রথমটি, তিনি দিয়েছেন জাতির কাছে একটি চিঠি দিয়ে। সেই চিঠিতে তিনি অন্য অনেক কিছুর সঙ্গে বর্ণবাদ বিষয়টি নিয়েও কথা বলেছেন। সাউথগেট বুঝিয়েছেন, তিনি নিজেকে ফুটবল ও সামাজিক—দুই দিক থেকেই ইংল্যান্ড জাতীয় দলের কোচের ভূমিকায় দেখেন। দ্বিতীয় বিষয়টি এ রকম—তিনি ইংল্যান্ড দলকে তাঁর পরিকল্পনায় বিশ্বাস করাতে পেরেছেন। যে বিশ্বাসটা এ রকম—কেউ ইংল্যান্ডের বিপক্ষে সহজে বা দ্রুত গোল করতে পারবে না। ইংল্যান্ড টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি মাত্র গোল খেয়েছে। সেটা সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে।
ফরোয়ার্ডে সাউথগেটের ভরসা অনেকে প্রতিভাবান খেলোয়াড়ে। কিন্তু সবার ওপরে থাকবে রাহিম স্টার্লিং। একটা বিষয় সামনে নিয়ে আসতেই হয় যে তিনি এমন অনেক খেলোয়াড়কে দলে খুব সার্থকভাবে ব্যবহার করতে পেরেছেন, যারা তথাকথিত বড় ৬ দলের অংশ নয়। এই যেমন লিডস, অ্যাস্টন ভিলা, ওয়েস্ট হাম ও এভারটনের খেলোয়াড়দের তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন। এ বিষয়টা ইংল্যান্ডকে আরও বেশি শক্তিশালী করেছে।
এই টুর্নামেন্টের আরেক বড় বিজয়ী ইতালি। রোমে টুর্নামেন্ট শুরু করা থেকেই রবার্তো মানচিনির দল দেখিয়েছে, তারা খুব জমাট একটা দল। তারা কী করতে চায়, দলের সব খেলোয়াড়েরই সে সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। এই ইতালি তাদের চিরায়ত রক্ষণ আর আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে দুর্দান্ত ফুটবল খেলছে। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে যেমন ইতালির সেই চিরায়ত রক্ষণটা বেশ কাজে লেগেছে। তবে হ্যাঁ, এবার ইতালির তাদের কাতানেচ্চিও (রক্ষণাত্মক ফুটবল) ধরনে নির্ভর করছে না। এবার প্রতিপক্ষের অর্ধে তাদের বল পজেশন অনেক বেশি। আর এভাবেই তারা ঐতিহ্যগত সিরি ‘আ’র ফুটবল ধরনের বাইরে বেরিয়ে এসেছে। খুব দ্রুত জায়গা পরিবর্তন করতে পারা মাঝমাঠ ত্রয়ী মার্কো ভেরাত্তি, নিকোলো বারেল্লা ও জর্জিনিও নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে বল দেওয়া–নেওয়া করে। এর ফলেই খুব মসৃণ গতিতে এগোতে পারে ওরা।
সাউথগেট ও মানচিনি অন্যদের জন্য উদাহরণ হতে পারেন। তাঁরা দুজনেই নিজেদের দলের জন্য এমন একটি ধরন নিয়ে এসেছেন, যেট কিনা তাঁদের দেশের ঐতিহ্য আর খেলোয়াড়দের জন্য মানানসই। সাউথগেট তাঁর চড়া বেতনের তারকা খেলোয়াড়দেরও বোঝাতে সক্ষম হয়েছেন যে তারা শুধু ফুটবল খেলোয়াড়ই নয়, তাদের সামাজিক দায়িত্বও নিতে হবে। এটাই দলের আলাদা একটা পরিচয় তৈরি করেছে। এখন পুরো ইউরোপই জানতে উন্মুখ হয়ে আছে—কে ফাইনাল জিতবে!