পুরোনো শিষ্যকে মনে ধরেছে জাভির
ভেঙে পড়া বার্সেলোনাকে মেরামত করার পাহাড়সমান দায়িত্ব নিয়েছেন জাভি। তবে দলের অবস্থা ঠিক করতে খুব বেশি টাকা যে পাবেন, সেটি বলা যাচ্ছে না। আগামী দলবদলের বাজারে জাভি দল গোছানোর জন্য মেরেকেটে এক কোটি ইউরো পেতে পারেন বলে কিছুদিন আগেই অনুমান করেছিল ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। তা–ই যদি হয়, তাহলে এমবাপ্পে-হরলান্ডদের মতো তারকাদের দিকে বার্সেলোনা যে শিগগিরই হাত বাড়াতে পারছে না, এটা নিশ্চিত।
তাই বলে বার্সেলোনার গোলের সমস্যা কি মেটাতে হবে না জাভির? অবশ্যই মেটাতে হবে। মেসি-গ্রিজমানদের চলে যাওয়ার পর এক মেম্ফিস ডিপাই ছাড়া ভরসা করার মতো কোনো স্ট্রাইকার নেই বার্সেলোনায়।
আনসু ফাতি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু চোটের কারণে সেভাবে খেলতে পারছেন কোথায়? জাভির খেলানোর ধরনের সঙ্গে মার্টিন ব্রাথওয়াইট কিংবা লুক ডি ইয়ংয়ের মতো স্ট্রাইকাররাও ঠিক যান না। ফলে গোল করার জন্য নতুন কাউকে লাগবেই বার্সেলোনার। আর সে লক্ষ্যে সাবেক এক শিষ্যের দিকে হাত বাড়াতে পারেন জাভি।
নিজের সাবেক ক্লাব আল-সাদের আলজেরিয়ান স্ট্রাইকার বাগদাদ বোনেদজাহকে বার্সেলোনায় আনতে চাইছেন এই স্প্যানিশ কোচ। ২০১৫ সাল থেকে আল-সাদের মূল স্ট্রাইকারের দায়িত্ব পালন করছেন বোনেদজাহ। শুধু দায়িত্ব পালন করছেন বললে কমই বলা হবে, বলতে গেলে একরকম গোলের বন্যাই ছুটিয়ে চলেছেন ছয় বছর ধরে।
১০৪ লিগ ম্যাচে ১১৭ গোল করেছেন, অর্থাৎ প্রতি ম্যাচে একের বেশি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৯ গোল করেছেন ১৬৫ ম্যাচে। এ বছর ২০ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন, ৫টি করিয়েছেন। কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, জাভি নাকি এই বোনেদজাহর প্রতি দারুণ আগ্রহী।
২০১৪ সাল থেকে জাতীয় দলের হয়েও খেলছেন এই স্ট্রাইকার। ৪৬ ম্যাচে করেছেন ২২ গোল। ২০১৯ সালের আফ্রিকান নেশনস কাপের ফাইনালে সেনেগালের বিপক্ষে জয়সূচক গোলটা এসেছিল এই বোনেদজাহর পা থেকেই। তাঁকে নিয়ে এরই মধ্যে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়েছে বার্সেলোনা কোচকে। আর সেই জবাবগুলো জাভি যেভাবে দিচ্ছেন, তাতে মনে হতেই পারে, বোনেদজাহর বার্সায় আসাটা কেবল সময়ের ব্যাপার।
আজ চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বোনেদজাহকে নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জাভি বলেন, ‘সে দুর্দান্ত একজন স্ট্রাইকার। তবে ওর প্রতি আমার কোনো আগ্রহ নেই, আমি জানি না, এসব খবর কোত্থেকে আসছে।’
পরে নিজের ‘আগ্রহ না থাকার’ ব্যাপারটি হেসে ব্যাখ্যা করেছেন জাভি, ‘আমি আল–সাদের খেলোয়াড়দের ধরতে পারব না, নীতিবিরুদ্ধ হবে সেটা!’