পুলিশকে ধমকালেন পিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশকে ধমকিয়ে পরমুহূর্তে ক্ষমা চেয়েছেন পিকে। ছবি: মার্কা
পুলিশকে ধমকিয়ে পরমুহূর্তে ক্ষমা চেয়েছেন পিকে। ছবি: মার্কা

মাঠে সময়টা ভালো যাচ্ছে না জেরার্ড পিকের। তবে মাঠের বাইরের সময়টা যে খুব ভালো যাচ্ছে, তা আর বলা যাচ্ছে কই? স্প্যানিশ পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে খবরের শিরোনাম হলেন বার্সেলোনা ডিফেন্ডার।
লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার সময় কাতালোনিয়ার পোর্ট অলিম্পিকের সামনে গাড়ি নিয়ে ক্যাসিনোতে ঢোকার আগে ভাই মার্কের জন্য অপেক্ষা করছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। মার্ক এসে ভুল জায়গায় গাড়ি পার্ক করলেন। এ কারণে ট্যাক্সিগুলো বেরোতে পারছিল না। সঙ্গে সঙ্গে পিকের ভাইকে জরিমানা করে পুলিশ। ঠিক তখনই পুলিশের সঙ্গে বচসায় লিপ্ত হন পিকে।
ক্ষুব্ধ পিকে পুলিশকে বললেন, ‘আমাকে তোমরা হিংসা করো, কারণ আমি বিখ্যাত। আমি তোমাদের কর্তাদের সঙ্গে দেখা করব। তোমাদের বরখাস্ত করার ব্যবস্থা করব। তুমি আমাকে জরিমানা করেছ কারণ, তোমারা কমিশনে আছ। তোমাদের টাকা-পয়সা নেই। তাই তোমাদের তহবিল সংগ্রহ করতে হয়। তোমারা সমাজের জন্য লজ্জাজনক।’
অবশ্য দ্রুতই এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বার্সা ডিফেন্ডার। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি। ভুল করেছি, এমনটা ফের ঘটবে না।’ সূত্র: মার্কা, মিরর।