পুলিশপ্রধান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলসবরো ট্র্যাজেডিতে ৯৬ লিভারপুল সমর্থকের মৃত্যুকে ২৭ বছর পর ‘বেআইনি হত্যা’ বলে রায় দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়ায় এবার বরখাস্ত হলেন দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশের প্রধান ডেভিড ক্রম্পটনও। তাঁর অপরাধ? হিলসবরোর দুর্ঘটনায় প্রাণ হারানো সমর্থকদের স্বজনেরা যখন ২০১২ সালে ন্যায়বিচারের জন্য লড়ছেন, ক্রম্পটন তাঁদের প্রচারণাকে বলেছিলেন মিথ্যাচার। ২০১৩ সালেই অবশ্য নিজের মন্তব্যের জন্য একবার ক্ষমা চেয়েছিলেন। কিন্তু গত মঙ্গলবার আদালতের রায়ের পর থেকেই বিচারপ্রার্থীরা ক্রম্পটনের অপসারণের দাবি করে আসছিলেন। পুলিশের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার জন্যই তাই দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ ক্রম্পটনকে বরখাস্ত করেছে। এএফপি।