পুসকাসের দেশের তিন ফুটবলার

ঘুমে ঢুলু ঢুলু চোখ। দোরঘণ্টি বাজাতেই বিরক্ত মুখে দরজা খুলে বললেন, ‘কী চাই (হোয়াট ডু ইউ ওয়ান্ট)?’ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে একসঙ্গে দেখে একটু ভড়কেই গিয়েছিলেন সাবোলস চরবা। হাঙ্গেরিয়ান এই ফরোয়ার্ড কাল ভোরে ঢাকায় এসেছেন আরও দুই স্বদেশি ডেমিয়েন গাবর ও ইলেস জিউলাকে নিয়ে। তিনজনই আবাহনীর হয়ে খেলতে এসেছেন আসন্ন মৌসুমের জন্য। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, সবাইকে এড়াতে পারলেই যেন বেঁচে যান তাঁরা। দুই দিনের বিমানভ্রমণের ধকল তো আর কম নয়!
ফেরেঙ্ক পুসকাস, স্যান্ডর ককসিসের দেশের ফুটবলার এবারই প্রথম খেলতে এলেন বাংলাদেশে। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রথমে তাঁরা যান আবাহনী ক্লাবে। এরপর এসেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন বাফুফের অ্যাস্ট্রো টার্ফে। অনুশীলন শেষে বিশ্রাম নিতে কোচ জর্জ কোটানের ধানমন্ডির বাসায় গিয়ে ওঠেন তাঁরা।
যদিও এই তিন বিদেশিকে নেওয়ার ব্যাপারটা এখনো চূড়ান্ত করেনি আবাহনী। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, ‘কয়েক দিন অনুশীলনে দেখার পর এদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কিন্তু কোটান যেহেতু এনেছেন, ওরা ভালোই হবে হয়তো।’
গত ডিসেম্বরে আবাহনীতে যোগ দেওয়ার পরই আভাস দিয়েছিলেন কোটান। কাল সত্যি তিন হাঙ্গেরিয়ান ফুটবলারকে এনে তুললেন আবাহনীর তাঁবুতে। ফরোয়ার্ড চরবা খেলেছেন হাঙ্গেরির প্রিমিয়ার লিগের সাতবারের চ্যাম্পিয়ন দল দেব্রেসিনি ভিএসসি ক্লাবে। ২৩ বছর বয়সী এই ফুটবলার গত চার মৌসুমে খেলেছেন একটি মাত্র লিগ ম্যাচ! সর্বশেষ মৌসুমে অবশ্য কোনো ক্লাবই পাননি তিনি। বাংলাদেশের ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণা নেই তাঁর, ‘কোচের কাছেই প্রথম শুনেছি এই দেশ সম্পর্কে। শুধু এটুকু জানি, আবাহনী বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ক্লাব।’ ইউটিউবে বাংলাদেশের কয়েকটা ম্যাচ দেখেছেন বলে জানালেন। গ্যালপিং মেজরখ্যাত বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পুসকাসের দেশে জন্ম—এমন কথা শুনে হাসিতে বিগলিত হলেন। কিন্তু পুসকাসের ভক্ত তিনি নন, ‘পুসকাস নন, আমার প্রিয় ফুটবলার চিলির জিয়ান বোশেজো!’
২৮ বছর বয়সী গাবর খেলেছেন হাঙ্গেরির দ্বিতীয় বিভাগের দল বালমাজুভারোসি এফসিতে। এই মিডফিল্ডার খেলেছেন হাঙ্গেরির জাতীয় অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে। তিন ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি বয়স ইলেস জিউলার। ৩২ বছর বয়সী এই ফুটবলার ঢাকায় আসার আগে খেলেছেন হাঙ্গেরির দ্বিতীয় বিভাগের দল জিরমুত এসইর হয়ে।
গত মৌসুমের রানার্সআপ আবাহনী পুরোনো বিদেশি খেলোয়াড়দের মধ্যে ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফকে রেখে দিয়েছে। নাইজেরিয়ান মিডফিল্ডার ওবাম হেনরিও কয়েক দিনের মধ্যে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন।