পূর্ণতা পেল না উৎসবটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিলির গোলের এই আনন্দ নিয়েই ম্যাচ শেষ করতে চেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত তা হয়নি। এই গোলে এগিয়ে গিয়েও বাংলাদেশ ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে। কাল যশোর শামস উল হুদা স্টেডিয়ামে l প্রথম আলো
এমিলির গোলের এই আনন্দ নিয়েই ম্যাচ শেষ করতে চেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত তা হয়নি। এই গোলে এগিয়ে গিয়েও বাংলাদেশ ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে। কাল যশোর শামস উল হুদা স্টেডিয়ামে l প্রথম আলো

যশোর শহরের বেজপাড়ায় শ্যামাপূজার উৎসবটা বেশ জমজমাট। সেই উৎসবের সঙ্গে কাল যোগ হয়েছিল সর্বজনীন ফুটবল উৎসব। এতেই সিলেটের পর স্টেডিয়াম ঘিরে রচিত হলো দর্শক-উন্মাদনার আরেকটি মহাকাব্য।
প্রেস গ্যালারি থেকে চোখ যাচ্ছিল দূরের পানির ট্যাংকির ওপর। ১১তলা সমান উঁচুতেও বাদুড়ঝোলার মতো লোক খেলা দেখছে। বাড়ির ছাদে মানুষের মিছিল। সবুজঘেরা গাছের সারির একটির মাথাও খালি নেই। জীবনের ঝুঁকি যেন তুচ্ছ। ফুটবলপ্রেমে কাল এতটাই মজেছিল যশোরবাসী!
১৫ মিনিটে ইয়ামিনের ক্রসে এমিলির হেড যখন শ্রীলঙ্কার গোলকিপার এস পেরেরার হাত ফসকে জালে যাচ্ছে, প্রায় ৮০ হাজার হাতের করতালিতে মুখর এই আনন্দবিকেল। কিন্তু ২৮ মিনিটে শ্রীলঙ্কার মিডফিল্ডার রোশানের ফ্রি-কিক সরাসরি জালে জড়াতেই উচ্ছ্বসিত মুখগুলোতে অন্ধকার।
এখানে একসময় শামস উল হুদা গোল্ডকাপ সাড়া জাগাত। জনপ্রিয় সেই টুর্নামেন্টটিও যশোরের ক্রীড়া মানচিত্র থেকে মুছে গেছে বছর দশেক আগে। তৃষ্ণার্ত মানুষ এ কারণেই এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটাকে লুফে নিয়েছে। সিলেটের মতো যশোরবাসীও ফুটবল দলকে ভালোবাসায় রাঙিয়ে দিয়েছে। ফুটবলাররা সেটিকে মাঠের পারফরম্যান্সে অনুবাদ করতে পারলেন না ষোলো আনা। ১-১ গোলে ড্র ম্যাচে এটাই অতৃপ্তির।
সেট পিসে গোল খাওয়ার সর্বনাশা ধারাটা বাংলাদেশ দলে চলছেই। গত কিছুদিনে হজম করা প্রায় ৭০ ভাগ গোলই সেট পিসে। খেলোয়াড়দের ফিটনেস অনেক কম। রানিংয়ে বেশ পিছিয়ে। সহজ সুযোগ হারানোর বিলাসিতাও যথারীতি সঙ্গী। প্রথম মিনিটেই মিঠুন বাইরে মেরেছেন দৃষ্টিকটুভাবে। উপরন্তু মামুনুলের বাঁকানো কর্নার কিকটা লাগল কিনা বারে।
শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হচ্ছে। একসঙ্গে মাস দুয়েক অনুশীলন করায় দলটির বাংলাদেশের চেয়ে অনেক বেশি টগবগে। বাংলাদেশের প্রথম দিকের উজ্জীবিত খেলাটা থামাতে যা করণীয়, সেটিও করেছে সময়মতো। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ করে দ্রুত দুই প্রান্ত বদল করেছে তারুণ্যদীপ্ত শ্রীলঙ্কা, বাংলাদেশের খেলায় এটা ছিল না। দ্বিতীয়ার্থে চাপের মুখে রক্ষণ সংগঠন আরও জমাট করেছে অতিথি দল। সুযোগ বুঝে গতির সঙ্গে মিশিয়েছে স্কিলের সমন্বয়। দুই ফরোয়ার্ড ইশান ও জোহান তো বেশ চোখ কাড়লেন।
বাংলাদেশ দলে ‘মাথাগরম’খ্যাত জাহিদ চেষ্টা করছিলেন, খারাপও করছিলেন না। তবে তাঁকে তুলে নেওয়া হলো। একাদশে রাখা হয়নি সোহেল রানাকে, যিনি কিনা সাম্প্রতিক সময়ের একাদশের নিয়মিত মুখ। এসব সিদ্ধান্ত সঠিক ছিল কিনা—এমন সব ঝাঁজাল প্রশ্ন সংবাদ সম্মেলনে সামলালেন কোচ সাইফুল বারী। ম্যাচে তিনি বদল করেছেন পাঁচজন খেলোয়াড়। পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন ভালোই।
জনসমসুদ্রে প্রত্যাশা ছিল জয়। সেটি না পাওয়ায় উৎসবটাও পূর্ণতা পেল না। সাইফুলও তাই ব্যথিত, ‘আমি হতাশ। জিততে পারিনি শ্রীলঙ্কার চেয়ে ফিটনেস এবং রানিংয়ে পিছিয়ে থাকায়। তার ওপর গোল মিস।’ গোল নষ্ট করার সঙ্গে দুর্ভাগ্যকেও দায়ী করলেন অধিনায়ক মামুনুল ইসলাম। ড্রও তো খারাপ নয় বলে তৃপ্তিও খুঁজলেন, ‘আজ এমিলি ১৭তম আন্তর্জাতিক গোল করল, এটা বাংলাদেশের রেকর্ড।’
শ্রীলঙ্কার জন্য যশোর সফরটা স্মরণীয়ই হয়ে থাকল। এখানকার সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ খেয়ে তাঁরা মুগ্ধ। তবে মাঠের খেলায় তবে ড্র করে খুশি নন শ্রীলঙ্কার কোচ নিকোলা কাভাজোভিচ, ‘ভুল দ্রুত শুধরে নিয়েছি আমরা। ছেলেরা ম্যাচটা হাতছাড়া হতে দেয়নি। তবে আমরা এখানে জিততেই এসেছি। সেটা তো পেলাম না।’ মাঠে দর্শক ঢুকে পড়াটা ভালোভাবে নিতে পারেননি তিনি, ‘এভাবে মাঠে লোক ঢুকলে দুর্ঘটনা ঘটতে পারে।’ ম্যাচটার খবর হয়তো নিয়ে থাকবেন বাংলাদেশের বিদায়ী কোচ লোডভিক ডি ক্রুইফ। যশোরের দর্শকাগ্রহ তাঁকে পুলকিত করতে পারে। কিন্তু এমন জনজোয়ারেও ১-১ স্কোরলাইন নিশ্চয়ই নয়!
বাংলাদেশ দল: লিটন, ইয়াসিন (তপু), নাসির, আরিফ, ইয়ামিন, রায়হান, মামুনুল, রাজ (জামাল), মিঠুন (ওয়াহেদ/তকলিচ), জাহিদ (সোহেল রানা), এমিলি।