পৃথিবীর সবাই স্যালুট ঠুকবে তাঁকে

অলক্ষ্যে বসে কেউ একজন নিশ্চয়ই লিখছিল পুরো স্ক্রিপ্ট। সত্যিকারের পৃথিবীতেও চমকে দেওয়া অনেক কিছু ঘটে বটে, কিন্তু কল্পনার গরু গাছ পেরিয়ে তো আকাশে ওঠে না। ক্লদিও রানিয়েরির জীবনে যা ঘটল, এ যে সত্যিকারের পৃথিবীতে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। যেন চরম ফ্যান্টাসি, মেলো ড্রামায় বিশ্বাসী কোনো খেয়ালি লেখক কল্পনার খ্যাপা ঘোড়াটাকে ইচ্ছেমতো ছুটিয়েছেন। যা ঘটল, সেটা রানিয়েরির নিজেরই বিশ্বাস হচ্ছে তো!
কালকের ব্যাপারটিই খেয়াল করে দেখুন। কাল লেস্টারকে চ্যাম্পিয়ন বানিয়ে দিল চেলসি। ২-০ গোলে পিছিয়ে থাকা চেলসি টটেনহামের সঙ্গে ড্রটা করতে না পারলে লেস্টারের অপেক্ষা বাড়ত। কিন্তু নাটকীয়ভাবে ফিরে আসা চেলসি ২-২ ড্র করে ফেলল। আসল উৎসবটা অবশ্য হলো লন্ডন থেকে ১০০ মাইল দূরের এক শহরে। সেই চেলসি, ২০০৪ সালে যারা রানিয়েরিকে ফেলে দিয়েছিল বাতিলের খাতায়। রানিয়েরিকে ছাঁটাই করেই ইংলিশ ফুটবলে আবির্ভাব হয়েছিল ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর।
২০০০ সাল থেকে চার বছর তখনকার মাঝারি মানের ক্লাব চেলসির ভার সামলেছেন। ক্লাবটাকে সম্ভাবনাময় করে তুলেছিলেন পাকা জহুরির মতো বেছে বেছে খেলোয়াড়দের নিয়ে এসে। ২০০৪ সালে চেলসি অবিস্মরণীয় সাফল্য পাচ্ছিল। প্রিমিয়ার লিগে রানার্সআপ, সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। ধনকুবের রোমান আব্রামোভিচ ঠিক এর আগের বছর চেলসি কিনে নিলেন। যে রানিয়েরি নিজ হাতে চেলসিকে গড়ে তুলে এত দূর টেনে এসেছেন, তাঁকেই প্রথম দফায় ছেঁটে ফেললেন আব্রামোভিচ! অথচ রানিয়েরির তৈরি খেলোয়াড় নিয়ে সাফল্য পেয়ে মরিনহো হয়ে গেলেন স্পেশাল ওয়ান!
সেদিন নীরবে ইংল্যান্ড ছাড়া রানিয়েরি গত বছর আরও নীরবে ফিরে এসেছিলেন ইংল্যান্ডে। এখনো তিনি বেশ নীরব, শান্ত; বাগাড়ম্বর যে তাঁর স্বভাবে নেই। এখনো তিনি একান্ত বাধ্যানুগত সন্তান ইংল্যান্ড থেকে উড়ে গিয়েছিলেন গত পরশু মায়ের সঙ্গে দেখা করবেন বলে। সেই রানিয়েরিকে এখন স্যালুট ঠুকছে গোটা ফুটবল বিশ্ব। স্যালুট ঠুকছে চেলসি। রানিয়েরিকে স্যালুট ঠুকছে পড়ে পড়ে মার খাওয়া পৃথিবীর সাধারণ মানুষও, তাদের জন্যও যে তিনি এখন অনুপ্রেরণার অন্তহীন উৎস। ফুটবল তো এভাবেই জীবনের গল্প বলে যায়!
রানিয়েরির জীবনের গল্পটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে ১৫ মে। যখন চেলসির মাঠে ঠোকার সময় পুরো স্টেডিয়াম, সব খেলোয়াড় মিলে তাঁকে আর তাঁর দলকে দেবে গার্ড অব অনার। এবারের লিগে চেলসির মাঠেই লেস্টারের শেষ ম্যাচ। ফুটবলের কেতা অনুযায়ী চ্যাম্পিয়নদের গার্ড অব অনার প্রাপ্য। কিন্তু সেদিনের গার্ড অব অনার শুধু নিয়ম রক্ষার হবে না, হবে ‘বাতিল’ হয়ে যাওয়া রানিয়েরির ঠিক এক যুগ পর চেলসিতে মাথা উঁচু করে ফেরা; সেদিন চেলসিও তাঁকে সম্মান জানাবে একেবারে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকেই।
রানিয়েরির গল্পটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না এখানেও। ১৯৮৬ সাল থেকে কোচ হিসেবে কাজ করছেন। ঠিক ত্রিশটা বছর। চেলসি তো বটেই; ভ্যালেন্সিয়া, রোমা, অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলানের মতো দলের দায়িত্ব সামলেছেন। অথচ কী আশ্চর্য জানেন, এর আগে কখনোই কোনো দেশের শীর্ষ লিগ জেতা হয়নি। রানিয়েরির কীর্তিগাথা আসলে লেখা হচ্ছিল দ্বিতীয় সারির লিগে ধুঁকতে থাকা দলগুলোতে শীর্ষ লিগে তুলে আনার দক্ষতায়। অবশেষে এই ৬৪ বছর বয়সে এসে ইতালিয়ান কোচ জিতলেন প্রথম শীর্ষ লিগ!
‘আমার বয়স এখন ৬৪ চলছে, কত দিন ধরে লড়াই করে যাচ্ছি। কিন্তু কখনোই আশা হারাইনি। আমি জানতাম, একসময় না একসময়, কোথাও না কোথাও আমি লিগ জিতবই’—গতকাল বলেছেন রোমের নতুন সম্রাট। রানিয়েরি জিতলে, এবং সেটা বিশ্বের সেরা লিগটাই, সেটিও এমন একটা দলকে নিয়ে, আগের মৌসুমে আরেকটু হলে বাদই পড়ে যেত প্রিমিয়ার লিগ থেকে; এই মৌসুমে যাদের ট্রফি জয়ের বাজির দর ছিল ৫০০০-১!
১৫ মে স্টামফোর্ড ব্রিজের গার্ড অব অনারে শামিল থাকবে আসলে পুরো ফুটবল বিশ্বই!