পৃথিবীর সমান দৌড় রাশিয়া বিশ্বকাপে

পৃথিবীর ব্যাস কত? মাপতে গেলে ১২ হাজার ৭৪২ কিলোমিটার। পায়ে হেঁটে এই পথটুকু চলতে পারলেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাবেন। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, এবারের বিশ্বকাপে সব খেলোয়াড় মিলে এই পুরো পৃথিবীর ব্যাসের সমান দৌড়ে ফেলেছেন!
বিশ্বকাপের শেষ চার দল নিশ্চিত হয়ে গেছে। আর বাকি চারটি ম্যাচ। ৬০ ম্যাচ শেষে বিশ্বকাপের মূল পর্বে ৬০৫ জন খেলোয়াড় মিলে মাঠে চষে বেড়িয়েছেন মোট ১২ হাজার ৫২৬ কিলোমিটার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মাঠে সবচেয়ে বেশি জায়গা দৌড়েছেন রাশিয়ার খেলোয়াড়েরা। মোট ৬২৫ কিলোমিটার দৌড়ে বেড়িয়েছে স্বাগতিক দল। বিশ্বকাপে ৬০০ কিলোমিটার পার করা একমাত্র দল রাশিয়া।
খেলোয়াড় হিসেবে মাঠে সবচেয়ে বেশি জায়গা দাপিয়ে বেড়িয়েছেন রাশিয়ার মিডফিল্ডার রোমান জবনিন। ৫ ম্যাচে ৫১০ মিনিট খেলে মোট ৬২ হাজার ৯৫২ মিটার, অর্থাৎ প্রায় ৬৩ কিলোমিটার দৌড়েছেন জবনিন। ২৪ বছর বয়সী মিডফিল্ডার কোনো গোল করতে পারেননি, এমনকি সতীর্থদের কোনো গোলে সহায়তাও করেননি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রতিপক্ষকে আটকে রাখাই ছিল তাঁর মূল কাজ।
মাঠে মিডফিল্ডাররা দৌড়েছেন ৪৮৫৭ কিলোমিটার, ডিফেন্ডাররা ৪৭০৪ কিলোমিটার। ফরোয়ার্ডরা দৌড়েছেন ২৪৪৭ কিলোমিটার, এমনকি গোলকিপাররাও দৌড়েছেন ৫১৬ কিলোমিটার।
বিশ্বকাপে সবচেয়ে কম দৌড়ানো খেলোয়াড় কে? তালিকাটা বের হয়ে যাবে নিশ্চয়ই এর মধ্যে। তবে এটা অনুমান করে নেওয়াই যায়, অনফিল্ড খেলোয়াড়দের মধ্যে সেরা পাঁচে লিওনেল মেসি থাকলেও থাকতে পারেন! এমনকি কোনো কোনো গোলরক্ষকও তাঁর চেয়ে বেশি দৌড়ে থাকতে পারেন!
মাঠে সবচেয়ে বেশি দৌড়ানো পাঁচ দল:
দেশের নাম | কতটুকু দৌড় (কি.মি.) |
রাশিয়া | ৬২৫ |
ক্রোয়েশিয়া | ৫৮০ |
ইংল্যান্ড | ৫৬৬ |
সুইডেন | ৫২৬ |
বেলজিয়াম | ৫২৫ |