পায়ের জাদু তো অনেকই দেখালেন, এবার ভক্তরা লিওনেল মেসির একটু হাতের জাদুও দেখতে পেলেন। ফুজবল (টেবিলে খুদে পুতুল দিয়ে খেলা ফুটবল) খেলছিলেন মেসি ও তাঁর কয়েক বন্ধু। খেলাটা ভালোই চলছিল, কিন্তু বাগড়া দিলেন গ্যারি লিনেকার। ওয়াকার চিপস হাতে নিয়ে পাশেই টিভি দেখতে বসেছিলেন সাবেক ইংলিশ স্ট্রাইকার। পাশে এভাবে কাউকে লোভনীয় স্বাদের মুচমুচে চিপস খেতে দেখে কি খেলায় আর মন দেওয়া যায়! তখনই মেসির মাথায় চাপল দুষ্টু বুদ্ধি। হাতের এক মোচড়ে ছোট্ট ফুটবলটি তুলে দিলেন কাঠের এক সতীর্থের পায়ে, হাতের আরেকটি মোচড়ে বলটি বাগে এনেই করালেন গোলার মতো এক ভলি। বল গিয়ে লাগল শোকেসে সাজানো এক ট্রফিতে। পড়বি তো পড়, একেবারে লিনেকারের মাথায়! যখন মাথায় এঁটে যাওয়া সেই ট্রফি সামলাতে ব্যস্ত লিনেকার, ওয়াকার চিপস হাতবদল হয়ে উঠল মেসির হাতে। চিপস খেতে খেতেই চ্যাম্পিয়নস লিগের খেলা দেখতে বসে গেলেন মেসি। না, বাস্তবে এখনো এতটা ভোজনরসিক নন মেসি, বিশ্বখ্যাত চিপস ওয়াকারের নতুন বিজ্ঞাপনের সুবাদেই বার্সেলোনা স্ট্রাইকারের এই নতুন রূপ। মেইল অনলাইন।