পেটের পীড়ার অজুহাতে সই করলেন না সেন্টফিট!

নাইজেরিয়া যাচ্ছেন না, বাংলাদেশেই থাকছেন টম সেন্টফিট। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আজ দুপুরে আলোচনা করে এই বেলজিয়ান জানিয়ে দিলেন, ‘এ মুহূর্তে অন্য কোনো ক্লাব বা ফেডারেশন থেকে প্রস্তাব পেলও আমি যাচ্ছি না। বাংলাদেশে কাজ করতে পেরেই আমি খুশি।’ যদিও বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার বিষয়টি তিনি ঝুলিয়ে রেখেছেন।
বাফুফে অবশ্য আজই চুক্তির আনুষ্ঠাকিতা সারতে প্রস্তুত ছিল। এ জন্য সকালের ফ্লাইটে সেন্টফিটকে চট্টগ্রাম থেকে আনাও হয়। কিন্তু সেন্টফিট দুপুরে চুক্তি সই অনুষ্ঠান করতে আসেননি বাফুফে ভবনে। কারণ? হঠাৎ করেই নাকি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন সেন্টফিট! বাফুফে ভবনে ততক্ষণে গুঞ্জন ডালপালা ছড়িয়েছে, শেষ পর্যন্ত নাইজেরিয়ার কোচ হয়েই চলে যাচ্ছেন এই বেলজিয়ান। এর আগে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিষয়ক নিউজ পোর্টাল সুপারস্পোর্টকে দেওয়া তাঁর সাক্ষাৎকারটা চাউর হয়ে গেছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে। নাইজেরিয়ার কোচ হওয়ার ইচ্ছেটা তাতে পরিষ্কার, ‘নাইজেরিয়া আমার প্রথম পছন্দ, এ জন্যই আমি বাংলাদেশে কাজ করতে চাইছি না। বাংলাদেশের সঙ্গে চুক্তিটা আপাতত করছি না। আমি নাইজেরিয়াকে বিশ্বকাপে তুলতে চাই। শুধু তা-ই নয়, দলটাকে বিশ্বকাপের সেমিফাইনালে নিতে চাই। কারণ, তাদের সেই সামর্থ্য রয়েছে। আমি নাইজেরিয়ায় থাকতে তৈরি।’
নাইজেরিয়ার কোচ হতে আগ্রহীই বা হলেন কেন, আবার কেনই বা বাংলাদেশে থাকছেন? সেন্টফিট প্রশ্নটির উত্তর দিয়েছেন সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করার পরপরই, ‘ওই ওয়েবসাইটের প্রতিবেদনটা পড়েছি। ওরা সাক্ষাৎকারটা নিয়েছিল বেশ কয়েক সপ্তাহ আগে। কিন্তু এটা প্রকাশিত হয়েছে দু-তিন দিন আগে। আসলে সমস্যাটা হয়েছে এখানেই।’
সেন্টফিট নিশ্চিত করেছেন, ভুটানের সঙ্গে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ পর্যন্ত তিনি থাকছেন, ‘ফেডারেশন সভাপতির সঙ্গে পেটের পীড়া নিয়ে কথা বলেছি। কথা বলেছি ভুটানের সঙ্গে ম্যাচে বাংলাদেশ দলটা কীভাবে গড়ব, সেসব নিয়েও। এ জন্য আমি আবারও কাল চট্টগ্রামে গিয়ে লিগের খেলাগুলো দেখব।’
তবে চুক্তিটা কবে করছেন সেটি নিয়ে ধোঁয়াশাই রেখে দিলেন কোচ। পরে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘সুবিধামতো সময়ে আমরা আনুষ্ঠানিক চুক্তি করে নেব।’