পেদ্রোই ইউনাইটেডের কাঙ্ক্ষিত জন!
পেদ্রোর মতো একজনকেই খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ব্যাপারটা এমন নয় যে সুপার কাপে পেদ্রোর ‘সুপার’ স্কোরার হওয়ার পরই তাঁকে নিয়ে ওল্ড ট্রাফোর্ডের দলটির এমন উপলব্ধি। বেশ আগে থেকেই পেদ্রোর খেলা মনে ধরেছে ফন গালের। এ ধারণাটা এখন জোরালো যে স্প্যানিশ ফরোয়ার্ডের নতুন গন্তব্য হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুপার কাপে সেভিয়ার বিপক্ষে পেদ্রোর ভাগ্যনির্ধারণী গোলের পর মুগ্ধতা হয়তো বেড়েছে ফন গালের। পেদ্রোর মতো ক্ষিপ্রগতির স্ট্রাইকারকেই কি খুঁজছে ইউনাইটেড? এমন প্রশ্নে ফন গাল নিঃসংকোচে জানিয়ে দিলেন তাঁর মুগ্ধতার কথা, ‘পেদ্রো সে রকমই খেলোয়াড়...এটা লিখে রাখুন।’ তবে তাঁকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসার প্রক্রিয়াটা কোন পর্যায়ে, সেটি কৌশলে এড়িয়েই গেলেন ইউনাইটেডের ডাচ কোচ, ‘এটা একটা প্রক্রিয়া, যার সঙ্গে একটা ক্লাব এবং একজন খেলোয়াড় জড়িত। যতক্ষণ না সে চুক্তিতে সই করছে, আমার বলার কিছুই নেই।’ গোলডটকম।