পেদ্রো ইউনাইটেডে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রোমার সঙ্গে ম্যাচের পরই প্রশ্নটা উঠে গেল, পেদ্রো কি বার্সেলোনার জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন? গোলডটকম দাবি করেছে, পেদ্রোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার মধ্যে চুক্তি হয়েই গেছে। স্প্যানিশ উইঙ্গারকে আনতে ইউনাইটেডকে খরচ করতে হচ্ছে ৩ কোটি ২০ লাখ ইউরো। তবে সামনের সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের আগে আনুষ্ঠানিক ঘোষণা আসছে না।
বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ অবশ্য ব্যাপারটা অস্বীকার করেছেন। পরশু ম্যাচ শেষেই বার্তোমেউ দাবি করেছেন, ‘আমরা কোনো প্রস্তাব পাইনি। সে এখনো আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, কোচেরও তার ওপরে আস্থা আছে।’ যদিও দুই দিন আগে বার্সা কোচ লুইস এনরিকের কণ্ঠে অনিশ্চয়তার সুরই ছিল, ‘সে আমাদের হয়ে সবকিছুই জিতেছে। আমরা চাই সে থেকে যাক, সিদ্ধান্তটা অবশ্য তাকেই নিতে হবে।’
ইউনাইটেড কোচ লুই ফন গাল সরাসরি কিছু বলেননি। তবে নেইমার-মেসির সঙ্গে এক বন্ধনীতে নাম উল্লেখ করে পেদ্রোকে কী চোখে দেখেন সেটির আভাস দিয়েছিলেন আগেই, ‘বার্সেলোনার নেইমার ও মেসির মতো খেলোয়াড় আছে, পেছনে পেদ্রো আছে। তাদের সঙ্গে তো আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সৃষ্টিশীলতা ও গতি আছে এ রকম খেলোয়াড় আমাদের দরকার।’
২০০৮ সালে বার্সেলোনায় আসার পর পেদ্রো সম্ভাব্য সবকিছুই জিতেছেন। ৩২০ ম্যাচে ৯৮ গোলও করেছেন, কিন্তু নেইমার-সুয়ারেজ আসার পর প্রথম একাদশে জায়গা হারিয়ে ফেলেছিলেন। সে কারণেই হয়তো ওল্ড ট্রাফোর্ডে যেতে চাইছেন। গোলডটকম, মার্কা, এএস।