পেদ্রোর হ্যাটট্রিক

ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেজ আসায় কেউ যদি অসুখী হন, তিনি পেদ্রো রদ্রিগেজ। নিষেধাজ্ঞা কাটিয়ে উরুগুইয়ান স্ট্রাইকার বার্সায় নিয়মিত হওয়ার পর অনিয়মিতই হয়ে গেছেন পেদ্রো। কদাচিৎ প্রথম একাদশে খেলার সুযোগ পান ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তাঁর ওপরও আস্থা রাখা যায়, কোপা ডেল রেতে পরশু হুয়েস্কার বিপক্ষে হ্যাটট্রিক করে সেই বার্তাই পেদ্রো দিলেন কোচ লুইস এনরিকেকে।
হতে পারে হুয়েস্কা তৃতীয় বিভাগ লিগের দল। কিন্তু ন্যু ক্যাম্পে তাঁদের বিপক্ষে যে দলটি খেলেছে সেটিও বার্সার দ্বিতীয় দল! দলের আক্রমণভাগের ভয়ংকর ত্রয়ী মেসি, নেইমার, সুয়ারেজ ছিলেন না কাল। ৪-০ গোলে প্রথম লেগ জিতে টুর্নামেন্টের শেষ ষোলোয় এক পা আগেই দিয়ে রাখা বার্সা বিশ্রামে রেখেছিল তাঁদের। তবে পেদ্রো তাঁদের অভাব অনুভূত হতে দেননি। ৮-১ গোলে জিতেছে বার্সা।
প্রথম গোলটা এসেছে অবশ্য ২০ মিনিটে। আন্দ্রেস ইনিয়েস্তার পাস পেয়ে হেডে গোলমুখ খোলেন পেদ্রো। ২৬ ও ৪৩ মিনিটে করেন আরও ২ গোল। বার্সার হয়ে পেদ্রোর এটি তৃতীয় হ্যাটট্রিক। এই মৌসুমে প্রথম।
পেদ্রোর হ্যাটট্রিক, সার্জিও রবার্তো (২৯ মি) ও ইনিয়েস্তার (৩৯) গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে পেদ্রোকে তুলে নেওয়া হলেও আরও ৩ গোল করে বার্সা—গোলদাতা আদ্রিয়ানো, আদামা ত্রাওরে এবং সান্দ্রো রামিরেজ। হুয়েস্কার গোলটি গ্যাসপার গালভেজের।
বার্সার একতরফা জয়ের রাতে দুর্দান্ত লড়াই হয়েছে ভ্যালেন্সিয়া-রায়ো ভায়েকানো ম্যাচে। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৪-৪ গোলে। তবে সামগ্রিক গোল গড়ে এগিয়ে থেকে (৬-৫) শেষ ষোলোতে উঠে গেছে ভ্যালেন্সিয়া। রয়টার্স।