পেদ্রোর হ্যাটট্রিক, উড়ে গেল হুয়েস্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল হুয়েস্কার বিপক্ষে অপ্রতিরোধ্যই হয়ে উঠেছিলেন পেদ্রো ছবি: এএফপি।
কাল হুয়েস্কার বিপক্ষে অপ্রতিরোধ্যই হয়ে উঠেছিলেন পেদ্রো ছবি: এএফপি।

মাঠে ​ছিলেন না লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজের মতো তারকারা। প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে এই তারকাদের মাঠে নামানো অর্থহীন মনে হলো কোচ লুইস এনরিকের। পরীক্ষা-নিরীক্ষার এত বড় সুযোগ তিনি হাতছাড়া করবেন কেন! তারকাদের অনুপস্থিতিতে নিজেদের মেলে ধরার সুযোগ ছিল দ্বিতীয় সারির খেলোয়াড়​দের। সেই সুযোগটাও তাঁরা নিয়েছেন ভালোভাবেই। সবচেয়ে বেশি সুযোগের সদ্ব্যবহার করেছেন পেদ্রো। তাঁর হ্যাটট্রিকেই ন্যু ক্যাম্পের দ্বিতীয় পর্বে হুয়েস্কাকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে কোপা ডেল রে’র শেষ ষোলোতে পৌঁছে গেছে বার্সেলোনা।
পেদ্রো হ্যাটট্রিক পূরণ করেন খেলার প্রথমার্ধেই। প্রথম গোল পেতে অবশ্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছিল খেলার প্রথম ২০ মিনিট। ২১ মিনিটে ওই পেদ্রোর পা থেকেই আসে প্রথম গোল। ২৬ মিনিটে পেদ্রোই ২-০ গোলে এগিয়ে দেন বার্সেলোনাকে। ৪৪ মিনিটে নিজের হ্যাটট্রিকটি পূরণ করেন তিনি। প্রথমার্ধেই আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্জিও রাবের্তো আর দুটি গোল করলে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এনরিকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন আদ্রিয়ানো, আদামা তারোরে ও সান্দ্রো রামিরেস। ৮৬ মিনিটে একটি গোল শোধ করে সান্ত্বনা খুঁজে নেন হুয়েস্কার গালভেস।
দিনের অপর খেলায় রায়ো ভায়োকানোর সঙ্গে ভ্যালেন্সিয়ার ম্যাচটিও ছিল গোল উৎ​সবের। ৪-৪ গোলে ড্র হওয়ার এই ম্যাচে অবশ্য শেষ ষোলোয় পৌঁছে গেছে ভ্যালেন্সিয়া। প্রথম লেগে ২-১ গোলে জিতে সুবিধাজনক জায়গাটি আগেই দখল করে নিয়েছিল তারা। শেষ ষোলোয় বার্সেলোনার সঙ্গী ভ্যালেন্সিয়াই। সূত্র: এএফপি।