পেদ্রোর 'জুয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সা ছেড়ে গত সপ্তাহেই চেলসিতে যোগ দিয়েছেন। শুধু তো ক্লাবই ছাড়েননি, নিজের পরিচিত পরিবেশ, বন্ধু, চেনা মানুষজন—সবাইকেও ছেড়ে এসেছেন পেদ্রো। দলবদলের এ সিদ্ধান্তটিকে স্প্যানিশ ফরোয়ার্ড তাই দেখছেন একটা ‘জুয়া’ হিসেবে, যেটা তাঁকে নিতেই হতো।
চেলসির হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন। তবে বার্সার হয়ে বিদায়ী সংবাদ সম্মেলনের জন্য গত পরশু পেদ্রো ফিরে গিয়েছিলেন কাতালুনিয়ায়। সেখানেই বলেছেন, ‘অবশ্যই আমি বার্সায় থাকতে, এখানেই অবসর নিতে চেয়েছিলাম। তবে জুয়াটি খেলছি কারণ এটিই আমি চেয়েছিলাম।’
বার্সেলোনার একাদশে জায়গা পাওয়া সব সময় কঠিন ছিল তাঁর জন্য। গত জুনে চুক্তি নবায়ন করলেও আরও বেশি খেলার ইচ্ছাতেই দলবদলের সিদ্ধান্ত নেন। বার্সেলোনা থেকে বিদায় নিতে গিয়ে বললেন, ‘শুধু ছবিতে থাকার জন্য এখানে থাকতে চাইনি আমি। আমি সব সময়ই উচ্চাকাঙ্ক্ষী। এখানে চালিয়ে যাওয়াটা কঠিন ছিল। এখন আমার সামনে নতুন চ্যালেঞ্জ এবং আরও বেশি সুযোগও।’ রয়টার্স।