পেনাল্টি এবং মেসি

পেনাল্টি নেওয়াটাই কি লিওনেল মেসির ‘অ্যাকিলিস হিল’? ২০১২ সালে প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছিল। ওই বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বার্সেলোনার বিদায়ে বড় ভূমিকা ছিল চেলসির বিপক্ষে মেসির পেনাল্টি মিসের। যেটি ছিল মৌসুমে পেনাল্টিতে তাঁর তৃতীয় ব্যর্থতা। গোল করাটাকেই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বানিয়ে ফেলা মেসি তখন পর্যন্ত ৩৪টি পেনাল্টি নিয়ে ৮টিতে গোল করতে ব্যর্থ। প্রতি চারবারে একটি মিস!
এরপর এ নিয়ে বাড়তি খেটেছেন বলেই কি না পরের মৌসুমে বার্সেলোনার পক্ষে একটিও পেনাল্টি মিস করেননি। তবে পুরোনো রোগটা কি ২০১৪ সালে ফিরে এল? গত এপ্রিলে লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন, পরশু লেভান্তের বিপক্ষেও পেনাল্টি থেকে বল বাইরে মেরে প্রশ্নটা বড় করে তুলেছেন মেসি।
মেসির ক্যারিয়ারে এটা ১২তম পেনাল্টি মিস, বার্সার হয়ে ১১তম। আর্জেন্টিনা (১১) ও বার্সেলোনা (৫৪) মিলিয়ে ৬৫টি পেনাল্টির ৫৩টিতেই অবশ্য গোল পেয়েছেন মেসি। জাতীয় দলের হয়ে একমাত্র ব্যর্থতাটি ২০১২ সালে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে। বার্সার ১১টি মিসের একটি থেকে অবশ্য গোল পেয়েছিলেন, ২০০৮ সালে কোপা ডেল রেতে বেনিডর্মের বিপক্ষে ফিরতি বলটাকে জালে পাঠিয়েছিলেন।