ম্যানচেস্টার ইউনাইটেডের পেনাল্টি বক্স থেকে বলটি উড়ে এল মাঝমাঠে। চেলসি সীমানার একটু ভেতরে থাকা জর্জিনিও পেয়ে গেলেন বলটা। বলটা ঠিকমতো নিয়ন্ত্রণ নিতে পারলেন না চেলসি মিডফিল্ডার। এই সুযোগে দৌড়ে এসে বলের দখল নিয়ে নিলেন ইউনাইটেডের তরুণ তুর্কি জেডন সাঞ্চো। জর্জিনিওর পেছনে ছিলেন শুধুই চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। সাঞ্চো অনেকটা দৌড়ে মেন্দিকে পরাস্ত করে দলকে এগিয়ে দিয়ে তবেই থামলেন।
স্টামফোর্ড ব্রিজে চেলসি-ইউনাইটেড ম্যাচের তখন ৫০ মিনিট। ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করা ইউনাইটেড এগিয়ে গেল ১-০ গোলে। ম্যাচটি জিততে পারেনি সাঞ্চোর দল। রোনালদো মাঠে নামেন ৬৪ মিনিটে। চেলসি সমতায় ফেরে ৫ মিনিট পরে। থিয়াগো সিলভা ফাউল করেছিলেন অ্যারন ওয়ান-বিসাকাকে। পেনাল্টি থেকে গোল করে ভুলের প্রায়শ্চিত্ত করেন জর্জিনিও।
নিজেদের মাঠে পয়েন্ট হারালেও ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ২৮ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আটে ইউনাইটেড।
সিটি কাল ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে। সিটির ইতিহাদ স্টেডিয়ামকে আইস হকির রিঙ্ক ভেবে কেউ ভুল করতেই পারতেন! অবিরাম তুষার পাতের কারণেই কাল সবুজ মাঠ ধবল-সাদা হয়ে গিয়েছিল। সিটির হয়ে হয়ে কাল গোল করেছেন ইলকায় গুনদোয়ান ও ফার্নান্দিনিও। যোগ করা সময়ে ওয়েস্ট হামের একমাত্র গোলটি করেছেন মানুয়েল লানজিনি। সিটির ম্যাচ মাঠে গড়াতে পারলেও প্রবল তুষারপাতে বার্নলি-টটেনহাম ম্যাচ শুরুই করা যায়নি।