পেনাল্টি নিয়ে ক্ষুব্ধ রহমতগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমতগঞ্জের ম্যাচ দেখতে পুরান ঢাকা থেকে অনেক সমর্থক মাঠে আসছেন সম্প্রতি। এক মাস আগে সর্বশেষ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই সমর্থকেরা উৎসব করেছিলেন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দলের ২-০ গোলের জয়ের পর। কাল আর জয়ের উৎসব নয়। জয় দেখতে এসে ফেনী সকারের সঙ্গে ১-১ ড্র শেষে ক্ষোভ নিয়ে ঘরে ফিরলেন সমর্থকেরা।

প্রায় সমান শক্তির দুই দলের এ লড়াই জমে উঠেছিল বৃষ্টিভেজা মাঠে। তার ওপর বিতর্কিত পেনাল্টিতে উত্তপ্ত হলো রহমতগঞ্জের বেঞ্চ। ১-০ গোলে পিছিয়ে থাকা ফেনী সকার পেনাল্টি পেল ৮৮ মিনিটে। তাদের স্ট্রাইকার ফেলিক্স বক্সে ঢুকে পড়ে গেলেন। দূর থেকে মনে হলো, তাঁকে বাধা দেওয়ার চেষ্টায় বলেই পা লেগেছে রহমতগঞ্জের ডিফেন্ডার আসিফের।

রেফারি ভারত চন্দ্রের দেওয়া পেনাল্টি মানতে পারেনি রহমতগঞ্জ। রেফারিকে ঘিরে ধরলেন খেলোয়াড়েরা। তর্কাতর্কির একপর্যায়ে বল লাথি মেরে বাইরে পাঠালেন সিও জুনাপিউ। শান্তি হিসেবে দেখলেন দ্বিতীয় হলুদ কার্ড। পেনাল্টিতে ১-১ করলেন ফেনী সকারের ফরোয়ার্ড চৌম্রিন রাখাইন।

এই ১ পয়েন্টই জয়ের সমান সকারের জন্য। তবে রহমতগঞ্জের কাছে এটি হারের মতোই। ২৫ মিনিটে দারুণ হেডে নয়ন এগিয়ে দেন। সেই গোল ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত। উপরন্তু দলের মূল খেলোয়াড় জুনাপিউ সিলেটে অষ্টম রাউন্ডে খেলতে পারবেন না বিজেএমসির সঙ্গে। তবে মাঝারি শক্তির দল হিসেবে সাত ম্যাচে ১৩ পয়েন্ট রহমতগঞ্জের জন্য এখন পর্যন্ত বড় প্রাপ্তিই। সকারও ৯ পয়েন্ট নিয়ে ভালোই এগোচ্ছে।