পেনাল্টি মিসও যে করুণ গল্পের কাছে তুচ্ছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের নিররম রূপ খুব কাছ থেকেই দেখেছেন বোয়াশচিকফস্কি, পেনাল্টির হতাশার চেয়েও বড় যে ক্ষত। এএফপি
জীবনের নিররম রূপ খুব কাছ থেকেই দেখেছেন বোয়াশচিকফস্কি, পেনাল্টির হতাশার চেয়েও বড় যে ক্ষত। এএফপি

পুরো ম্যাচে পোল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু কে জানত, টাইব্রেকার নামের লটারি ইয়াকর বোয়াশচিকফস্কিকে বানিয়ে দেবে খলনায়ক? কাল পর্তুগালের সঙ্গে তাঁর পেনাল্টি মিসেরই খেসারত দিতে হয়েছে পোল্যান্ডকে, টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতা অনেকদিনই তাড়িয়ে বেড়াবে বোয়াশচিকফস্কিকে। কিন্তু বুকের ভেতর আরও বড় বেদনার ভার বয়ে নিয়ে বেড়াচ্ছেন এই পোল্যান্ড মিডফিল্ডার, সেটা কজন জানেন!


ইউরো এলেই চার বছর আগের ওই স্মৃতিটা মনে পড়ে যাবে পোল্যান্ড মিডফিল্ডার বোয়াশচিফস্কির। নিজেদের মাঠে সেবার চার দিন পর অনুশীলনে যোগ দিয়েছিলেন। নিজের ওয়েবসাইটে কারণ দেখিয়েছিলেন ব্যক্তিগত। পরে জানা যায়, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য দেরি হয়েছিল। কিন্তু তার চেয়েও বড় একটা ক্ষত যে কতদিন ধরে বয়ে বেড়িয়েছেন, সেটা তো আর কেউ জানত না। চোখের সামনে নিজের মাকে বাবার হাতে খুন হতে দেখার ‘অভিশাপ’ কজনকেই বা বা বইতে হয়?

১৯৯৬ সালে ১১ বছরের বালক বোয়াশচিকফস্কির চোখের সামনেই তাঁর বাবা জিগমুন্ট ছুরিকাঘাতে খুন করেন মা আনাকে। খুনের দায়ে ১৫ বছর জেল খাটতে হয় জিগমুন্টকে। ২০১১ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর বাবার সঙ্গে বোয়াশচিকফস্কি ও তাঁর ভাই ডেভিডের সম্পর্কটা কখনোই হৃদয়ের উষ্ণতা পায়নি। তাই তাঁদের দুই ভাইয়ের জন্য বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকাটা ছিল আবেগের চূড়ান্ত এক পরীক্ষা।

কিন্তু বোয়াশচিকফস্কি নিজেও একজন বাবা। স্ত্রী আগাতা ২০১১ সালের এপ্রিলে জন্ম দিয়েছেন মেয়ে অলিভিয়ার। বাবা হয়ে নিজের বাবার সঙ্গে সব সম্পর্ক একেবারেই মুছে ফেলতে পারেননি বোয়াশচিকফস্কি। কিন্তু কখনো ভুলতে পারেননি, এই বাবাই তাঁর মায়ের খুনি!

বাড়িতে ছিলেন চাচা জেরজি ব্রেজেক, ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের রুপাজয়ী পোলিশ দলের অধিনায়ক। নৃশংস ওই ঘটনার পর ফুটবল খেলার পরিবেশ জুগিয়ে তাঁদের দুই ভাইকে মানুষ করেছেন দাদি। কিন্তু কখনোই মায়ের হত্যা-দৃশ্য মন থেকে মুছে যায়নি বোয়াশচিকফস্কির। এই ঘটনা নিয়ে অতীতে কখনোই খুব একটা বলেননি ২০০৬ সালে পোল্যান্ড দলে অভিষিক্ত ফুটবলার।

তবে বছর দুয়েক আগে একটি পোলিশ টেলিভিশন চ্যানেলে বলেছিলেন, ‘সারা জীবন এই স্মৃতি আমার সঙ্গে থেকে যাবে। আমি আমার সবকিছুর বিনিময়ে হলেও মাকে ফিরে পেতে চাইতাম।’ আবেগাপ্লুত বোয়াশচিকফস্কি আরও বলেছিলেন, ‘এই ঘটনা আমার জীবনের মোড় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। ব্যাপারটা এমন, আপনার মাথায় একটা পাথর পড়ল আর এক সপ্তাহ পর আপনাকে উঠেই আবার জীবন শুরু করতে হলো। কেন এমন ঘটল, তা আমি আজও বুঝতে পারিনি।’

কাল পোল্যাল্ডের হয়ে একমাত্র তাঁরই শটটা মিস হয়েছে। সেই হতাশায় তিনি কাঁদছিলেনও। কিন্তু হু হু কান্না নয়। বোয়াশচিকফস্কি যে জানেন, জীবন ৯০, ১২০ মিনিট কিংবা এই পেনাল্টি শ্যুট আউটের চেয়ে অনেক, অনেক বড়!