পেনাল্টি মিসের পরও মেসিই নায়ক

কার অভাব বেশি বোধ করল বার্সেলোনা? নেইমার নাকি সুয়ারেজ? খেলার ধরন বলবে নেইমার। আর স্কোরলাইন বলবে লুইস সুয়ারেজ। তবে দুই বন্ধুর অভাব কিছুটা হলেও পূরণ করেছেন লিওনেল মেসি। মেসির জোড়া গোলেই আলাভেসকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বার্সেলোনার। নিজেদের পায়ে বল রেখে পাসের পর পাস দিয়ে একের পর এক আক্রমণ সাজাল বার্সা। প্রথম ১৫ মিনিটেই চারটি শট ঠেকাতে হলো ফার্নান্দো পাচেকোকে। তবে চারটি শটই ঠেকাতে কোনো বেগ পেতে হয়নি আলাভেস গোলরক্ষককে। এ তথ্যটাও বুঝিয়ে দিচ্ছে, সুয়ারেজের অভাব কথাটা ভোগাচ্ছে বার্সাকে। বল ধরে রেখেও কোনো আতঙ্ক জাগাতে পারছিল না কাতালানরা। পুরো মাঠ দখলে রেখেও ‘অ্যাটাকিং থার্ডে’ এমন নখদন্তহীন হয়ে পড়াতেই টের পাওয়া যাচ্ছিল নেইমার-সুয়ারেজের অভাব।
প্রতি আক্রমণে উঠে বরং দুবার গোলের কাছাকাছি চলে গিয়েছিল আলাভেস। এরই মাঝে ৩৯ মিনিটে জেরার্ড পিকের সুবাদে একটি প্রশ্নবিদ্ধ পেনাল্টি উপহার পায় বার্সেলোনা। কিন্তু সে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। এর মাঝেই হাত দিয়ে বল ধরায় হলুদ কার্ড দেখতে হয় পিকেকে।
বিরতির পরই অবশ্য পুষিয়ে দিয়েছেন মেসি। ৫৫ মিনিটে দুর্দান্ত এক আক্রমণের সফল সমাপ্তি টানেন মেসি। তাঁর জোরালো শট ঠেকানোর সুযোগ পাননি পাচেকো। এ শটেই হয়ে গেল লা লিগায় মেসির ৩৫০তম গোল। ১১ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করলেন মেসি। আলাভেস রক্ষণের ভুলের পূর্ণ সুযোগ নিলেন মেসি (২-০)। ৭৩ মিনিটে ক্রসবার বাধা হয়ে না দাঁড়ালে হ্যাটট্রিকও পেয়ে যেতেন মেসি।
পিছিয়ে পড়া স্বাগতিক দলের দর্শকের ম্যাচ নিয়ে আগ্রহ বাড়ল ৭৭ মিনিটে। যখন মাঠে নামলেন এনজো জিদান। রিয়াল ও ফ্রেঞ্চ কিংবদন্তির বড় ছেলে মাঠে নেমে ফলাফলে কোনো প্রভাব রাখতে না পারলেও, যে কবার বল ছুঁয়েছেন, ততবারই মনে করিয়ে দিয়েছেন জিনেদিন জিদানের কথা।