পেনাল্টি-লাল কার্ডের নিয়মের বদল চান বার্সা সভাপতি

ম্যাচ শুরু হতে না হতেই ম্যাচ শেষ! ৪ মিনিটের মাথায় যদি এক দলের গোলরক্ষক লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যায়, ম্যাচের আর কীই বা থাকে। একে তো পেনাল্টি, তার ওপর বাকি ৮৫ মিনিটও খেলতে হবে দশজনকে নিয়ে। এই মৌসুমে দুবার বার্সেলোনার ঘাম ছোটানো অ্যাথলেটিক বিলবাও কাল হেরে গেল ৬-০ গোলে।
খেলা শুরুতেই বিলবাও গোলরক্ষক লালকার্ড দেখাতেই তো যত বিপত্তি। একজন কমে যাওয়ায় নিজেদের স্বাভাবিক খেলার ছন্দটাও হারিয়ে ফেলল বিলবাও। বার্সার ৬ গোলের জয়ে যে মানুষটার উচ্ছ্বসিত হওয়ার কথা, সেই হোসে বার্তেমেউই যেন সবচেয়ে ব্যথা পেয়েছেন। তবে শুধু এই ম্যাচ নিয়ে নয়, তিনি লাল কার্ড এবং পেনাল্টির ‘ডাবল’ শাস্তি নিয়েই নাখোশ। ম্যাচে উত্তেজনা ‘খুন’ করে ফেলার এই নিয়মটা নিয়ে ভেবে দেখার সময় এসেছে বলে মনে করেন তিনি।
লালকার্ড আর পেনাল্টি—দুটি গুরুদণ্ড একসঙ্গে পাওয়াটাই তাঁর পছন্দ হচ্ছে না। বলেছেন, এ ধরনের ঘটনায় দর্শকদের বঞ্চিত করে। বার্তেমেউয়ের মতে, ‘একই সঙ্গে একটি পেনাল্টির পাশাপাশি একটি লাল কার্ডের নিয়মটা ফুটবলের রোমাঞ্চের স্বার্থেই বদলানো উচিত। এটা বাড়াবাড়ি ধরনের দ্বিগুণ শাস্তি। আজকের (গতকাল) খেলাতেও যে এর প্রভাব পড়েছে, সেটা তো স্পষ্টই। ৮৭ মিনিট একজনকে কম নিয়ে খেলা খুবই কঠিন একটা কাজ।’
গোলরক্ষককে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার সঙ্গে একটি পেনাল্টি দিয়ে দেওয়া একটু বাড়াবাড়িই, ‘দর্শকদের স্বার্থেই একই সঙ্গে লাল কার্ড আর পেনাল্টি দেওয়ার নিয়মটি পরিবর্তন করা উচিত। এটা বাড়াবাড়ি ধরনের শাস্তি।’
এমন দাবি জানিয়ে বিলবাওয়ের প্রতি সমব্যাথীও হয়েছেন বার্তেমেউ, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচে দলটি ৮৭ মিনিট দশজনে খেলেছে। এত সময় দশজন নিয়ে খেলাটা সত্যিই কঠিন।’