পেনাল্টি-সামর্থ্যও শান দিয়ে রেখেছেন নেইমাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকারে ব্রাজিলের গোলপোস্টে আলিসন বড় ভরসার নাম। ছবি: এএফপি
টাইব্রেকারে ব্রাজিলের গোলপোস্টে আলিসন বড় ভরসার নাম। ছবি: এএফপি
>বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের জন্য পেনাল্টি অনুশীলন সেরে রেখেছেন নেইমাররা

‘পেনাল্টি হলো লটারি’—ডেনিশ অধিনায়ক সিমন ক্যারের উক্তি। তাঁর কোচ এজ হ্যারেইদেরও একই মত। স্পেন কোচ ফার্নান্দো হিয়েরোর কাছেও পেনাল্টি শুট-আউট ‘লটারি’ ছাড়া আর কিছু নয়। নকআউট কোনো ম্যাচের ফল নির্ধারণে এই পরীক্ষায় দুই দলকেই অবতীর্ণ হতে হয়। কিন্তু ব্রাজিল কোচ তিতের আবার পেনাল্টি শুট-আউট অপছন্দ। তাঁর মতে, পেনাল্টির মাধ্যমে কখনোই কোনো ফুটবল ম্যাচের নিষ্পত্তি হওয়া উচিত নয়।

কিন্তু তিতে চাইলেই তো আর হবে না। ব্রাজিল কোচ নিজেও তা জানেন। ১৯৭৮ টুর্নামেন্ট থেকে পেনাল্টি শুট-আউট বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ। এবার বিশ্বকাপের শেষ ষোলোতেই তিনটি পেনাল্টি শুট-আউট দেখা গেছে। যেখানে কপাল পুড়েছে স্পেন, ডেনমার্ক আর কলম্বিয়ার। তিতে কোনো অবস্থাতেই এই পথ মাড়াতে চান না। তাঁর কাছে পেনাল্টি শুট-আউট ব্যাপারটাই অপছন্দ, ‘পেনাল্টি নেওয়া সত্যিই খুব কঠিন। একটি ফুটবল ম্যাচের কখনোই পেনাল্টি দিয়ে নিষ্পত্তি হওয়া উচিত নয়। আমার কাছে এটা কোনো বৈধ ফল না। তবে এর পরিবর্তে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটাও জানি না।’

বিশ্বকাপ পেনাল্টি শুট-আউটে ব্রাজিলের জয়-পরাজয়ের স্কোরলাইন ৩-১। স্নায়ুক্ষয়ী এই লড়াইয়ে তাদের শুরুটা হয়েছিল হার দিয়ে। ১৯৮৬ বিশ্বকাপের শেষ আটে তারা পেনাল্টি শুট-আউটে হেরেছিল ফ্রান্সের বিপক্ষে। এরপর অবশ্য তিনবারই টাইব্রেকারে জিতেছে ব্রাজিল। ইতালির বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ ফাইনাল, হল্যান্ডের বিপক্ষে ১৯৯৮ বিশ্বকাপ সেমিফাইনাল ও গত বিশ্বকাপের শেষ ষোলোয় চিলির বিপক্ষে।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য পেনাল্টি নেওয়াতেও শান দিয়ে রাখছেন নেইমাররা। তিতের মতে, মনের আবেগ নিয়ন্ত্রণের ওপর পেনাল্টি নেওয়ার সফলতা নির্ভর করে, ‘পেনাল্টি নেওয়ার কৌশলটা আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা পেনাল্টি অনুশীলন করছি। এটা অবিশ্বাস্য রকম বড় দায়িত্ব।’

১৯৭৮ বিশ্বকাপ থেকে পেনাল্টি শুট-আউট চালু হলেও তা প্রথম মাঠে গড়িয়েছে ১৯৮২ বিশ্বকাপে। তার আগে ড্র ম্যাচগুলো ‘রিপ্লে’ হতো অর্থাৎ পুনরায় মাঠে গড়াত। বিশ্বকাপে এ পর্যন্ত একবারই বেলজিয়ামের মুখোমুখি হয়েছে ব্রাজিল। ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোর সেই ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছিল লাতিন আমেরিকান দলটি।