পেনাল্টিতেই সর্বনাশ আবাহনীর!

ম্যাচের বয়স তখন ৮১ মিনিট। বক্সের মধ্যে অহেতুক ফাউল করলেন আবাহনীর অধিনায়ক মামুন মিয়া। রেফারি সুখবীর সিং পেনাল্টির বাঁশি বাজালেন। তা থেকে গোল করতে মোটেও ভুল করেননি মোহনবাগানের অধিনায়ক ইউসা কাতসুমি। যেখানে ১-০ তে এগিয়ে থেকে জয় নিয়েই মাঠ ছাড়তে চেয়েছিল আবাহনী, সেখানে উল্টো পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মোহনবাগানের সঙ্গে। পেনাল্টিতেই যে সব সর্বনাশ হলো আবাহনীর।
অথচ ম্যাচের শুরুতে ১-০ তে এগিয়ে থাকা আবাহনীও পেনাল্টি পেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ রাতে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন আবাহনীর ইংলিশ স্ট্রাইকার জোনাথন ডেভিড।
ম্যাচটি জিতলেও এএফসি কাপের চূড়ান্ত পর্বে ওঠার কোনো সম্ভাবনা ছিল না আবাহনীর। একই অবস্থা মোহনবাগানেরও। তারপরও এএফসি কাপে নিজেদের শেষ ম্যাচটার গুরুত্ব ছিল দুই দলের কাছেই সমান। দুই বাংলার ঐতিহ্যের লড়াইয়ে যে একচুল জায়গাও ছাড় দিতে রাজি নয় কোনো দল। শেষ পর্যন্ত ঐতিহ্যের লড়াইয়ে জেতেনি কেউই। এর আগে কলকাতায় অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছিল আবাহনী।
এই ড্রয়ে ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই এএফসি কাপ শেষ করল আকাশি নীল দলটি। সমান ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় সবুজ মেরুন শিবির। ১২ পয়েন্ট পেয়েছে মাজিয়া ও বেঙ্গালুরু। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় চূড়ান্ত পর্বে মালদ্বীপের ক্লাব মাজিয়া।
ঢাকায় আজ সন্ধ্যা পৌনে আটটায় ম্যাচ শুরু হতে না হতেই আকাশ ভেঙে এল বৃষ্টি। সঙ্গে প্রচণ্ড শব্দের বজ্রপাত। মুষলধারের এই বৃষ্টিতে খেলা চালাতে মোটেও আগ্রহী ছিলেন না ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের রেফারি সুখবীর সিং। বৃষ্টির জন্য প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল খেলা। মাঠেও পানি জমে যায় অনেক। তবুও বৃষ্টিতে কাকভেজা হয়ে গ্যালারিতে দাঁড়িয়ে রইলেন আবাহনীর সমর্থকেরা। শেষ পর্যন্ত বৃষ্টি থামতে শুরু হয় খেলা।
গত ৩ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়েছিল আবাহনী। ওই ম্যাচে যেখান থেকে শেষ করেছিল, আজ যেন সেখানেই শুরু করে বাংলাদেশের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। যদিও বেঙ্গালুরুর বিপক্ষে ওই ম্যাচের অন্যতম নায়ক সাদ উদ্দিনকে সাইড বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ দ্রাগো মামিচ। ৭০ মিনিটে অবশ্য নাবিব নেওয়াজ জীবনের বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান সিলেটী এই ফরোয়ার্ড। ওই ম্যাচের আরেক দুর্দান্ত গোলদাতা রুবেল মিয়াকে তো স্কোয়াডেই রাখেননি মামিচ। চোট পাওয়া রুবেলকে খেলিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ। আগামী ৩ জুনের ফেডারেশন কাপের সেমিফাইনালটাই কোচের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মোহনবাগানেরও অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সনি নর্দে ঢাকায় আসেননি ভিসা জটিলতায়। ঢাকার ফুটবল মাতানো এই হাইতিয়ানকেও দেখার অপেক্ষায় ছিলেন অনেক দর্শক। সনির অভাবটা অবশ্য ভালোই টের পেয়েছে মোহনবাগান।
ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ডান প্রান্ত দিয়ে মামুন মিয়ার ক্রস, এমেকার দুর্দান্ত সাইড ভলি ঢোকে জালে (১-০)। পানির মধ্যেই উচ্ছ্বাসে ভেসে ওঠে আবাহনীর ফুটবলাররা। দুই মিনিট পর আরেকবার এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আবাহনীর। কিন্তু পেনাল্টি থেকেও গোল করতে পারলেন না জোনাথন ডেভিড! বক্সের মধ্যে ভয়ংকরভাবে ঢুকে পড়া এমেকাকে ফাউল করেন বিক্রমজিত। পেনাল্টি পায় আবাহনী। কিন্তু জোনাথনের লক্ষ্যভ্রষ্ট গড়ানো শটটি গড়িয়ে চলে গেল বাইরে। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে আবাহনী। পানির ভেতরে বল দখলে বেশির ভাগ সময়ই কাতসুমি, ড্যারেল ডাফি, জেজে লালপেখুলাদের পেছনে ফেলেছে আবাহনীর ফুটবলাররা।
৬৩ মিনিটে আরেকবার গোলের সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু বক্সের সামনে থেকে এমেকার হেড গোললাইন সেভ করেন বিক্রমজিৎ! এরপর ৮১ মিনিটে পেনাল্টি পায় বাগান।