পেনাল্টিতেই 'সর্বনাশ'
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসেই ক্ষোভে ফুঁসতে লাগলেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচে বাংলাদেশ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গেছে। ভারতীয় সাংবাদিকের প্রশ্নটা শেষ না হতেই বললেন, ‘দ্বিতীয়ার্ধেও আমাদের মেয়েরা সমানতালেই খেলছিল ওদের সঙ্গে। কিন্তু মিস্টার ভুটানিজ রেফারি খেলার ছন্দপতন করে দিয়েছেন। পেনাল্টি হওয়ার আগ পর্যন্ত আমাদের মেয়েরা যেমন খেলছিল, ওই গোলের পর আর সেভাবে খেলতে পারেনি। আমি মনে করি, আজকের খেলায় মোড় ঘুরিয়ে দিয়েছেন রেফারি। ওটা পেনাল্টি ছিল না।’
ভারতের কোচ সাজিদ ইউসুফ দার অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ‘আমরা রেফারির প্রতিটি সিদ্ধান্তকেই সম্মান জানাই। আমি তাই এই অভিযোগ মোটেও মানতে পারছি না।’
শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত একসময় বাংলাদেশ সমতায় ফিরেছে স্বপ্নার গোলে। হয়তো জিততেও পারত বাংলাদেশ। তবে রানার্সআপ হয়েও মেয়েদের প্রশংসা করলেন গোলাম রব্বানী, ‘আমাদের বেশির ভাগ মেয়েই অনূর্ধ্ব-১৬ দলের। এরা ছোটখাটো কিছু ভুল ছাড়া সমানতালে লড়াই করার চেষ্টা করেছে।’ মূলত অভিজ্ঞতার কাছেই যে হেরেছে বাংলাদেশ, সেটাও একবাক্যে মেনে নিয়েছেন এই কোচ, ‘ভারতের মাটিতে, ভারতের এত অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে যেভাবে লড়াই করেছে ওরা, তাতে আমি মনে করি আজই সেরা ম্যাচ খেলেছে। আমরা শুধু অভিজ্ঞতার কাছেই আজ হেরে গেছি।’
গ্রুপ পর্বে এই ভারতকেই আটকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু কাল সেই দলটার সঙ্গে আর শেষ পর্যন্ত পারেনি। তবে এখান থেকে অনেক প্রাপ্তি খুঁজে পাচ্ছেন কোচ, ‘আগামী সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলবে। ওই টুর্নামেন্টের আগে প্রতিটি ম্যাচেই উন্নতি করেছে ওরা। এখানে মালদ্বীপ, ভারত, আফগানিস্তানের মতো দলগুলোর সঙ্গে খেলে যা শিখেছে সেটা কাজে দেবে ওই টুর্নামেন্টে। এই দলকে যদি সামনে আরও ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে বড় সাফল্যই পাবে বাংলাদেশ।’
ভারতকে তিনটি গোলই এক অর্থে ‘উপহারই’ দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। যদিও সেটা মানতে চাইলেন না ভারতের কোচ সাজিদ ইউসুফ দার, ‘আসলে খেলায় আমরা সুযোগ তৈরি করে নিতে চেয়ে গোলগুলো আদায় করে নিয়েছি।’ তবে একই সঙ্গে বাংলাদেশের প্রশংসাও করলেন, ‘এই কদিনের টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো দেখে মনে হয়েছে ওরা যথেষ্ট উন্নতি করেছে খেলায়।’
টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিটা জিতেছে বাংলাদেশ। এতেই যেন আপাতত সন্তুষ্টি খুঁজছেন সাবিনারা।