পেনাল্টি-গোলে সবাইকে ছাড়িয়ে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি থেকে এত এত গোল পান বলে অনেকেই রোনালদোকে ডাকেন ‘পেনালদো’ বলে! ছবি: এএফপি।
পেনাল্টি থেকে এত এত গোল পান বলে অনেকেই রোনালদোকে ডাকেন ‘পেনালদো’ বলে! ছবি: এএফপি।

রিয়াল মাদ্রিদ পেনাল্টি পাবে আর তা থেকে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করবেন। এটা যেন রেওয়াজে পরিণত হয়েছে। পেনাল্টি থেকে অনেক গোল করেন বলে অনেকে তো রোনালদোকে ভেংচি কেটে বলেন, ‘পেনালদো!’ রোনালদো হয়তো মনে মনে বলছেন, লোকেদের মুখে ফুলচন্দন পড়ুক! পেনালদো নামটা যে তাঁর সার্থক হয়েছে। পেনাল্টি থেকে গোল করায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন এককভাবে তাঁর।
গত ১৫ জানুয়ারি সেভিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে পেনাল্টি থেকে গোল করে ছুঁয়ে ফেলেছিলেন হুগো সানচেজের ৫৬ গোলের রেকর্ড। কাল ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়া রিয়ালের সমতাসূচক গোলটি পেনাল্টি থেকে করেন রোনালদো। এতেই স্প্যানিশ লিগে পেনাল্টি থেকে তাঁর গোল হয়ে গেছে ৫৭টি।
স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি লিওনেল মেসির অধিকারে। তবে পেনাল্টি থেকে গোল করার দিক থেকে রোনালদোর চেয়ে বেশ খানিকটা পিছিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৪৩টি গোল নিয়ে আছেন তালিকার পঞ্চম স্থানে। পেনাল্টি থেকে স্প্যানিশ লিগে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রোনাল্ড কোম্যানের গোল ৪৫টি, আছেন তৃতীয় স্থানে। ৪৪ গোল নিয়ে তাঁর পরেই ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেল্টা ভিগোর সাবেক ফরোয়ার্ড লুবোস্লাভ পেনেভের। সূত্র: গোল ডটকম।