পেনাল্টি মিস করার মূল্য দিল মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর কোচের সঙ্গে মুসার উদ্‌যাপন। ছবি- প্রথম আলো
গোলের পর কোচের সঙ্গে মুসার উদ্‌যাপন। ছবি- প্রথম আলো

পেনাল্টি থেকে গোল করে হতে পারতেন জয়ের নায়ক। উল্টো খলনায়ক বনে গেলেন মুক্তিযোদ্ধার স্ট্রাইকার আহমেদ কোলো মুসা। আজ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিজেএমসির সঙ্গে পিছিয়ে পড়েও মুসার দারুণ একটা গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। এরপর পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান স্ট্রাইকার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি মুসা। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় সেটা ঠেকিয়ে দেন বিজেএমসির গোলরক্ষক হিমেল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত হওয়া ছয় ম্যাচের পাঁচটিই ড্র হয়েছে।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রথমে বিজেএমসিকে এগিয়ে নেন স্যামসান ইলিয়াসু। কিন্তু গোল করে মিনিট খানেকও সেটি ধরে রাখতে পারেনি বিজেএমসি। মুহূর্তেই ডান প্রান্ত দিয়ে মুক্তিযোদ্ধার আক্রমণ, বিজেএমসির ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে আসা বলটি সহজেই প্লেসিং শটে জালে জড়ান আহমেদ মুসা। এরপর ৫৪ মিনিটে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা, কিন্তু তা থেকে গোল করতে পারেননি মুসা। ৬৬ মিনিটে অবশ্য ১০ জনের দল হয়ে পড়ে বিজেএমসি। মুসার মুখে আঘাত করায় লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বিজেএমসির ইসা বেইবেককে। বাকি ২৪ মিনিট অবশ্য সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মুক্তিযোদ্ধা। বরং ১০ জনের বিজেএমসিই বেশি ভালো খেলেছে বাকি সময়।