পেপ গার্দিওলা, আপনি কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্গুসনের সময়ের সৌরভ ফেরাতে গার্দিওলাই ভরসা ইউনাইটেডের। ছবি: এএফপি।
ফার্গুসনের সময়ের সৌরভ ফেরাতে গার্দিওলাই ভরসা ইউনাইটেডের। ছবি: এএফপি।

শিরোনাম দেখলেন। এবার বিস্তারিত। প্রশ্নের উত্তরটা হচ্ছে—বায়ার্ন মিউনিখে। পেপ গার্দিওলা এখন জার্মান চ্যাম্পিয়ন দলটির কোচ। এটা জানেন না এমন ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তের সংখ্যা পৃথিবীতে একটিও নেই (অন্তত তেমনটাই আশা করা যাচ্ছে)। তাঁরা জানেন, তবে মানতে চাইছেন না। নিজেদের হাতে ক্ষমতা থাকলে যে এখুনি, এই মুহূর্তে গার্দিওলাকে বায়ার্ন থেকে ভাগিয়ে নিয়ে এসে নিজেদের ডাগআউটে বসিয়ে দেন তারা।
কেন? কারণ, নিজেদের দলের খেলায় অন্তত কিছুটা হলেও সৃষ্টিশীলতার ‘বোধন’ দেখতে চান তাঁরা। ইউনাইটেডকে ‘ইউনাইটেডে’র মতো করে জিততে দেখতে চান, দলের খেলার ‘ঘুমপাড়ানি’ ভাবটা কাটাতে চান। তাদের কাছে বর্তমান কোচ লুই ফন গালের কৌশল যদি হয় ‘ঘুমের ট্যাবলেট’, গার্দিওলার কৌশল সাক্ষাৎ ‘ক্যাফেইন’।

‘ঘুমের ট্যাবলেট’ খেয়ে কালও ঘুমোতে যেতে হয়েছে অনেক ইউনাইটেড সমর্থককে। সকালে ঘুম থেকে উঠে মনে মনে হয়তো খুব করে চাইবেন, গতকালকের ম্যাচের দুঃস্বপ্ন মনে করে ভুলে যেতে। ‘পুঁচকে’ একটা দল বোর্নমাউথ, এই মৌসুমেই প্রথমবারের মতো উঠেছে প্রিমিয়ার লিগে, তাঁদের মাঠেই কিনা ইউনাইটেড হেরে গেল ২-১ গোলে! অবশ্য, শুধু নামের ভারের বিচারেই এমন ভাবনা আসবে, না হলে মৌসুমের শুরু থেকে তো বোর্নমাউথ খেলছে ভালোই। গত সপ্তাহেই স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে চেলসিকে হারিয়ে দিয়েছে। এবার ঘরের আঙিনায় রচিত তাদের ‘ইউনাইটেড-বধ’ কাব্য।

কাব্যের শুরুটা ছিল বেশ উচ্ছ্বাসময়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে ‘অলিম্পিক কিকে’ সরাসরি ইউনাইটেডের জালে বল পাঠিয়ে দিয়েছেন বোর্নমাউথের জুনিয়র স্ট্যানিসলাস। তখনো মনে হচ্ছিল, ইউনাইটেডের জন্য এমন একটা ধাক্কার দরকার ছিল। সর্বশেষ ম্যাচেই ভলফসবুর্গের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে, অহমে একটু খোঁচা তো লেগেছেই তাতে। কাল শুরুর অমন ধাক্কার পর মনে হচ্ছিল, আহত শিকারি বাঘের মতো ইউনাইটেড আজ ছিড়েখুড়ে খাবে বোর্নমাউথকে। কোথায় কী! চিড়িয়াখানায় খাঁচাবন্দী লেজ গোটানো বাঘের মতো পেনাল্টি-বক্সের আশেপাশে ঘোরাঘুরিই সার। ২৪ মিনিটে মারুয়েন ফেলাইনির গোলে সমতায় ফিরল বটে, তবে মাইকেল ক্যারিকের সুন্দর পাসের পরও তাতে ভাগ্য আর ফেলাইনির ‘নাছোড়বান্দা’ স্বভাবের কৃতিত্ব অনেক। অনেক চেষ্টার পর বোর্নমাউথ গোলরক্ষকের হাত ফসকে বের হওয়া বলটা জালে জড়িয়ে দেন ফেলাইনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ধাক্কা। ৫৪ মিনিটে বোর্নমাউথকে জয়সূচক গোলটি এনে দেন জশুয়া কিং।

এখানেই ইউনাইটেড সমর্থকদের আক্ষেপ। চোটে মূল একাদশের অনেক খেলোয়াড় ছিল না ঠিকই, দুজন আনকোরা খেলোয়াড়ের অভিষেক হয়েছে, কিন্তু তাই বলে এমন পারফরম্যান্স! ম্যাচ শেষে ‘উদ্বিগ্ন’ কোচ লুই ফন গাল যতই বলুন, ‘সমর্থকদের বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ’, ‘খেলোয়াড়েরা জিততে চায়’, ইউনাইটেড সমর্থকেরা কিন্তু দিনে দিনে আরও বেশি উসখুস করছেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের সময়ে খুব বাজে খেললেও এই ধরনের ম্যাচ গুলোতে ঠিকই জয় নিয়ে বেরিয়ে আসতে পারত ইউনাইটেড, যা শিরোপা জয়ের ভিত গড়ে দিতে সাহায্য করত। আরও একটি শিরোপা জিততে তাই গার্দিওলাকেই ভরসা মানছেন সমর্থকেরা।

সমর্থকদের অস্বস্তি বাড়ার আরও একটি কারণ আছে। দিনে দিনে গুঞ্জন জোরদার হচ্ছে, এই মৌসুমে বায়ার্ন মিউনিখের চুক্তি শেষে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন গার্দিওলা। বিষয়টি তখন একূল-ওকূল দুকূল হারানোর মতো হয়ে যাবে। যদিও ফার্গুসন-রাজত্বের পর ভেঙে পড়া কাঠামোটাকে জোড়া লাগাতে ফন গালের মতো রাশভারী, একনায়ক একজন কোচ দরকার ছিল​, এবং মাঠে ঠিক ওভাবে না পারলেও মাঠের বাইরের পারফরম্যান্সে তিনি বেশ ভালোও করছেন, ক্লাবকে এখনো প্রতিযোগিতায় টিকিয়ে রাখার মতো করে রেখেছেন। তবু এখন সময় এসেছে আরেকটা পরিবর্তনের। যা ঠিক সময় মতো করতে না পারলে ইতিহাসে সবচেয়ে বড় ভুলগুলোর একটি করবে ইউনাইটেড।

‘রেড ডেভিল’ সমর্থকদের জন্য স্বস্তির খবর হতে পারে, গার্দিওলার ব্যাপারে অবশেষে একটু নড়েচড়ে বসেছে ক্লাবের বোর্ড। যদিও শঙ্কা থেকে যাচ্ছে, একটু কী দেরি করে ফেলল ইউনাইটেড? সিটি তো অনেক দিন ধরেই গার্দিওলার পেছনে নাওয়া-খাওয়া ছেড়ে পড়ে আছে। ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ যেন এসেই মানিয়ে নিতে পারেন সেরকম একটি কাঠামোও নাকি ঠিক করে রেখেছে। যুব প্রকল্পে পরিবর্তন এনেছে, এমনকি গার্দিওলার সময়ে বার্সেলোনার ফুটবল পরিচালক টিক্সিকি বেগিরিস্টাইনকেও অনেক আগেই নিয়ে এসেছে। সব মিলিয়ে সেই ২০০৯-১০ থেকে গার্দিওলাকে আনার স্বপ্ন দেখা সিটি তাঁর জন্য রীতিমতো ‘ঘর’ বানিয়ে রেখেছে। তবে ইউনাইটেডের ইতিহাস, ঐতিহ্যের জন্য তারাই হতে পারে গার্দিওলার প্রথম পছন্দ। দেখা যাক, কী হয়?

অবশ্য আরেকজন কোচও আছেন যার কথা ভাবছে ইউনাইটেড - কার্লো আনচেলত্তি। ইউনাইটেডে এলে এই ইতালিয়ানের ‘বেকারত্ব’ও ঘুচে যায়, আবার সমর্থকেরাও এখনকার ‘ঘুমপাড়ানি’ ফুটবল থেকে রক্ষা পাবে। এমন একটি ক্লাবকে শক্ত হাতে চালিয়ে যাওয়ার মতো, সাফল্য এনে দেওয়ার মতো অভিজ্ঞতা তাঁর আছে। তথ্যসূত্র: ইএসপিএন।