পেপে যখন পর্তুগিজ 'রামোস'
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এটি জেনেই নাক সিটকানোর লোকের বোধ হয় অভাব হয় না। সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দলের ওপর মানসিক নির্যাতন, আনুষ্ঠানিকতা রক্ষা ছাড়া যেটির গুরুত্ব নেই...কত কথা!
কাল মস্কোতে কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ধারণাটা কিছুটা পাল্টে দিতে পারে। আনুষ্ঠানিকতার ঠিকই, তবে পর্তুগাল-মেক্সিকোর ম্যাচটা ছিল নাটকীয়তায় ভরা! শেষ সময়ে পেপের ‘সার্জিও রামোস’ বনে যাওয়া, অতিরিক্ত সময়ে দুই লাল কার্ড, পেনাল্টিতে জয়সূচক গোল...! যাতে ২-১ গোলে জিতে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে পর্তুগাল।
সেমিফাইনালে হারের পরই সদ্যোজাত যমজ সন্তানের মুখ দেখতে বাড়ি ফিরে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। কিন্তু নায়কের অভাবে ভোগেনি পর্তুগিজরা—পেপে যে ছিলেন! গত মৌসুম পর্যন্ত ছিলেন রিয়াল মাদ্রিদে, বলতে গেলে রিয়ালেরই আরেক ডিফেন্ডার রামোস যেন কাল ভর করলেন পেপের ওপর। শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে অনেকবার বাঁচিয়েছেন রামোস, কাল পর্তুগালের হয়ে ঠিক সেটিই করলেন পেপে।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়েও পর্তুগাল পিছিয়ে ১-০ গোলে। এমন সময় মেক্সিকোর বক্সে পেপের ঝলক। রিকার্দো কারেসমার ক্রস ঠেলে দিলেন মেক্সিকোর জালে। ১০৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে জেতান আদ্রিয়েন সিলভা। তাতে আবার হাঁফ ছেড়ে বাঁচার কথা আরেক সিলভার—আন্দ্রে সিলভা। প্রথমার্ধে যে পেনাল্টি মিস করেছেন আন্দ্রে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে যখন লুইস নেতোর আত্মঘাতী গোলে উল্টো পিছিয়ে যায় পর্তুগাল, মনে হচ্ছিল হারই বোধ হয় তাঁদের বিধিলিপি।
কিন্তু সেই লিপিতে পেপের জন্য আলাদা একটা অধ্যায়ও যে ছিল! গোলডটকম।