পেপে 'ভয়ংকর' নন

ব্রাজিল বিশ্বকাপে জার্মানি-পর্তুগালের সেই ম্যাচের পেপের কাণ্ডটা মনে আছে? গজরাতে গজরাতে গিয়ে ঢুস মেরে বসলেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলারের মাথায়! সঙ্গে সঙ্গে লাল কার্ড! নামের সঙ্গে হলুদ-লাল কার্ড আর বিতর্ক তাঁর প্রতিশব্দ হয়ে আছে অনেক দিনই। অথচ সেই পেপে কিনা এখনো পর্যন্ত লা লিগায় লাল কার্ড তো দূরের কথা, একটি হলুদ কার্ডও দেখেননি!
হলুদ-লাল কার্ডের শঙ্কা জেনেও দলকে বাঁচাতে অনেক সময়ই বুক চিতিয়ে লড়তে হয় রক্ষণভাগের খেলোয়াড়দের। এ কারণে তারকা খেলোয়াড়কেও দেখতে হয় কার্ড। চলতি মৌসুমে স্প্যানিশ লিগে এখনো পর্যন্ত বার্সেলোনার হাভিয়ের মাচেরোনা আটটি ফাউল করে দেখেছেন একটি হলুদ ও একটি লাল কার্ড। জেরার্ড পিকে সাত ফাউলে চারটি হলুদ কার্ড। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো গডিন আট ফাউলে তিন হলুদ কার্ড। একই দলের মিরান্ডা সাত ফাউলে চার হলুদ কার্ড। আর পেপে? পাঁচটি ফাউল করলেও সেগুলো কোনটিই হলুদ কার্ড দেখার মতো অপরাধ ছিল না। নিজেকে কতটা ‘ক্লিন’ রেখেছেন ৩১ বছর বয়সী রিয়াল ডিফেন্ডার, এ পরিসংখ্যানই যথেষ্ট।
অবশ্য অতীতের পরিসংখ্যান জানাচ্ছে ভিন্ন কথা। লা লিগায় গেটাফে মিডফিল্ডার ফ্রান্সিসকো ক্যাসকুইরোকে লাথি দিয়ে, মাড়িয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ২০০৯ সালে। মাথা গরম করে নিজে ডুবেছেন, দলকেও ডুবিয়েছেন অসংখ্যবার। তবে ২০১১ সালের ১৮ ডিসেম্বর, লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচটির পর আর কোনো লাল কার্ড দেখেননি। জার্মানির পক্ষে বিশ্বকাপের ওই ঘটনাটা বাদ দিলে বলতে হবে, নিজেকে শুধরেই নিচ্ছেন পেপে। এ ধারা বজায় থাকলে পেপের নামের সঙ্গে হয়তো আর ‘ভয়ংকর’ নয়, ব্যবহার হবে ‘মি. ক্লিন!’ সূত্র: মার্কা।