পেরেজের ওরা ১১ জন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসেন্তে দেল বস্কে শুরু হয়েছিল। সর্বশেষ ফ্লোরেন্তিনো পেরেজের কোপে পড়তে হলো রাফায়েল বেনিতেজকে। দুই দফায় প্রায় ১২ বছর ধরে রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ। এই ১২ বছরে বার্নাব্যুর ডাগ-আউটে বসেছেন ১১ জন কোচ! প্রথম দফায় ছয়জনের পর দ্বিতীয় দফায় এ নিয়ে পাঁচজন কোচ বদলালেন পেরেজ...

ভিসেন্তে দেল বস্ক (নভেম্বর ১৯৯৯—জুন ২০০৩)
তিন মৌসুমে দুবার লা লিগা জিতেছিলেন। ২০০২ সালে দলকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগও। অথচ দ্বিতীয়বার লা লিগা জেতার কয়েক দিন পরই অবিশ্বাস্যভাবে চাকরি হারাতে হয়েছিল ভিসেন্তে দেল বস্ককে। স্পেনের বর্তমান কোচকে তাই পেরেজের প্রথম ‘শিকার’ও বলা যায়।
কার্লোস কুইরোজ (জুন ২০০৩—মে ২০০৪)
ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবে কাজ করেছিলেন। কিন্তু শুরুটা ভালো করেও বার্নাব্যুতে বছর খানেকের বেশি টিকতে পারেননি। তাঁর অধীনে রিয়াল ওই মৌসুমে লিগে চতুর্থ হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও বিদায় নিয়েছিল মোনাকোর কাছে হেরে। এর মাশুলই দিতে হয়েছিল পর্তুগিজ কোচকে।
হোসে আন্তোনিও কামাচো (মে ২০০৪—সেপ্টেম্বর ২০০৪)
প্রথম দফায় রিয়ালের কোচ হয়েছিলেন ১৯৯৮ সালে। সেবার মাত্র ২২ দিন পরেই বিদায় নিতে হয়েছিল। দ্বিতীয় দফায়ও খুব বেশি দিন টিকতে পারলেন না, বিদায় নিলেন চার মাসেই। লিগে বাজে শুরুর পরেই পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে লেভারকুসেনের কাছে হারের পরেই কামাচোর বিদায়ঘণ্টা বেজে যায়।
মারিয়ানো গার্সিয়া র্যামন (সেপ্টেম্বর ২০০৪—ডিসেম্বর ২০০৪)
খেলোয়াড় হিসেবে মাদ্রিদের হয়ে ছয়বার লিগ জিতেছিলেন। কামাচোর বিদায়ের পর তাঁর সহকারী র্যামনের ভাগ্য খুলে যায়। কিন্তু তিনিও কয়েক মাসের বেশি টেকেননি। এরপর বড় কোনো দল দূরে থাক, শুধু দ্বিতীয় বিভাগের দল কাদিজের হয়েই স্বল্প মেয়াদের কাজ করার সুযোগ হয়েছে।
ভ্যান্ডারলি লুক্সেমবার্গো (ডিসেম্বর ২০০৪—ডিসেম্বর ২০০৫)
র্যামনের পর লুক্সেমবার্গো এসে একটু থিতু হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও এক বছরের বেশি টিকতে পারেননি। ২০০৫ সালের ডিসেম্বরে বার্নাব্যুতে রোনালদিনহোর বার্সার কাছে ৩-০ গোলে হারার পরেই বিদায় নিতে হয়েছে লুক্সেমবার্গোকে।
হুয়ান র্যামন লোপেজ কারো (ডিসেম্বর ২০০৫—জুন ২০০৬)
পেরেজের প্রথম মেয়াদের শেষ কোচ। ২০০৬ সালের ফেব্রুয়ারিতেই ‘পদত্যাগ’ করেছিলেন পেরেজ।
ম্যানুয়েল পেলেগ্রিনি (জুন ২০০৯—মে ২০১০)
হুয়ান্দে রামোসের ব্যর্থতার পর পেরেজ দ্বিতীয় দফায় এসে কোচ বানিয়েছিলেন এই চিলিয়ানকে। ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, করিম বেনজেমা, জাবি আলোনসোদের হাত ধরে শুরু হয়েছিল গ্যালাকটিকোসের দ্বিতীয় যুগের। কিন্তু কোপা ডেল রেতে পুঁচকে অ্যালকরনের কাছে ৪-০ গোলে হার, চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেই অলিম্পিক লিওঁর কাছে হেরে বাদ পড়া, আর লা লিগায় দ্বিতীয় হওয়ার মূল্য দিতে হয় পেলেগ্রিনিকে। অথচ ওই মৌসুমে রিয়াল লিগ শেষ করেছিল রেকর্ড পয়েন্ট নিয়ে। পেলেগ্রিনির সময়ে লা লিগায় রিয়ালের জয়ের হারও দুর্দান্ত, ৮৬ শতাংশ!
হোসে মরিনহো (মে ২০১০-জুন ২০১৩)
পেপ গার্দিওলার বার্সাকে হারিয়ে যারা চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, সেই ইন্টার মিলানের হোসে মরিনহোরই শরণ নিলেন পেরেজ। কিন্তু মরিনহো প্রত্যাশা মেটাতে পারেননি, তাঁর সময়টা ছিল বরং বিতর্কে ভরা। শেষ পর্যন্ত একটা লা লিগা ও একটা কোপা ডেল রে শিরোপা জিতেই তিন বছর পর বিদায় নিতে হয়েছে পর্তুগিজ কোচকে।
কার্লো আনচেলত্তি (জুন ২০১৩-মে ২০১৫)
পেরেজের দ্বিতীয় দফায় সেরা সময় এসেছে এই ইতালিয়ান কোচের হাত ধরেই। দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই চারটি ট্রফি এনে দিয়েছেন দলকে। কিন্তু পরের বছরেই আবার নেমে এসেছেন মাটিতে, কোনো ট্রফি জিততে পারেনি রিয়াল। খেলোয়াড়দের সমর্থন থাকার পরেও তাই বিদায় নিতে হয়েছে ক্লাব থেকে।
রাফায়েল বেনিতেজ (জুন ২০১৫—জানুয়ারি ২০১৬)
মাত্র সাত মাস এবং ২৫ দিন স্থায়ী হলো রাফায়েল বেনিতেজের মেয়াদ। আনচেলত্তির জায়গায় দায়িত্ব নেওয়ার পরই খেলোয়াড়দের আস্থা হারিয়েছিলেন। এল ক্লাসিকোতে বার্সার কাছে ৪-০ গোলের ধাক্কাটা আর সামলেই উঠতে পারেননি। এএফপি।