পেরেজের ১২ বছরে ৯ রিয়াল কোচ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ ছাঁটাইয়ে বেশ ‘পারঙ্গম’ পেরেজ। ছবি: রয়টার্স
কোচ ছাঁটাইয়ে বেশ ‘পারঙ্গম’ পেরেজ। ছবি: রয়টার্স

মে মাসের শেষ সপ্তাহ দেখা যাচ্ছে কার্লো আনচেলত্তির জন্য বেশ অপয়া! বছর চার আগে, অর্থাৎ ২০১১ সালের ২৩মে তাঁকে বরখাস্ত করেছিলেন রুশ ধনকুবের আব্রামোভিচ। সাফল্যবুভুক্ষু মালিকের মনেই ছিল না, দায়িত্বের প্রথম মৌসুমেই আনচেলত্তি ডাবল জিতিয়েছিলেন চেলসিকে। ঠিক একই অভিজ্ঞতার শিকার এবারও।
আগের মৌসুমে লা ডেসিমা, ক্লাব ফুটবল বিশ্বকাপ জেতানো আনচেলত্তির সাফল্য ম্লান এ মৌসুমের ব্যর্থতায়। গতকাল আনচেলত্তিকে বরখাস্ত করলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আনচেলত্তির চেলসি-রিয়াল অভিজ্ঞতা যেন মিলে গেল এক বিন্দুতে! এখানে চেলসি মালিক আব্রামোভিচের সঙ্গে একটি মিল খুঁজে পাওয়া যাবে রিয়াল সভাপতি পেরেজের। দুজনই কোচ ছাঁটাইয়ে বেশ ‘পারঙ্গম’!
২০০৩ সালে চেলসিকে কিনে নেওয়ার পর ১২ বছরে নয়জন কোচ বদলেছেন আব্রামোভিচ। অন্যদিকে দুই মেয়াদে নির্বাচিত হয়ে মোট ১২ বছর রিয়ালের সভাপতিত্ব করছেন পেরেজ। প্রথম মেয়াদে নির্বাচিত হয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে। ছয় বছর শেষে পদ ছাড়েন ২০০৬ সালের ফেব্রুয়ারিতে। এরপর পুনর্নির্বাচিত হন ২০০৯ সালের জুনে। সে মেয়াদ চলছে এখনো। এ ১২ বছরে কোচ ছাঁটাই করেছেন নয়জন।
পেরেজের প্রথম ছাঁটাইয়ের শিকার ভিসেন্তে দেল বস্ক (জুন ২৩, ২০০৩)। পরের বছর ২০০৪ সালের ২৪ মে বরখাস্ত হলেন কার্লোস কুইরোজ। একই বছরে হোসে আন্তোনিতও কামাচো, মারিনো গার্সিয়া রেমনও বিদায় নিলেন বার্নাব্যু থেকে। ২০০৫ সালের ডিসেম্বরে কপাল পুড়ল ভান্ডের্লি লুক্সেমবার্গের। পরের বছর জুনে বিদায় নিলেন লোপেজ কারো। ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ২০১০ সালের ২৬ মে বিদায় করেন ম্যানুয়েল পেলিগ্রিনিকে। ২০১৩ সালের জুনে রিয়াল ছাড়েন হোসে মরিনহো। আর সর্বশেষ কার্লো আনচেলত্তি। তথ্যসূত্র: মেইল অনলাইন ও মার্কা।