পেলে এখন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের একটি দৈনিকে ওয়াকারে ভর দেওয়া পেলের এই ছবি দেখেই উৎকণ্ঠা তাঁর ভক্তদের মধ্যে
ব্রাজিলের একটি দৈনিকে ওয়াকারে ভর দেওয়া পেলের এই ছবি দেখেই উৎকণ্ঠা তাঁর ভক্তদের মধ্যে

সময়, তুমি বৃদ্ধ যাযাবর! এই পা-জোড়া ভার বয়েছে শতকোটি মানুষের স্বপ্নের। সেসব স্বপ্ন পূরণ করা পেলের পা-জোড়া এখন খুঁজছে অন্য আশ্রয়। যদিও তাঁর মুখপাত্র আশ্বস্ত করতে চেয়েছেন এই বলে, ‘এটা গুরুতর কিছু নয়।’ কিন্তু ধাতব ফ্রেমে তৈরি ‘ওয়াকার’-এ ভর দিয়ে চলা পেলের ছবিটা স্থানীয় এক শীর্ষ দৈনিকে ছাপা হওয়ার পর থেকে তাঁর ভক্তদের মধ্যে যেন পড়ে গেছে হাহাকার। গত রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন বলেও আসতে পারেননি। বলা হয়েছিল ‘স্বাস্থ্যগত কারণে’ এই অপারগতা। তখন থেকে একরকম আড়ালে থাকা ৭৬ বছর বয়সী পেলের এই ছবিটা ছাপা হয় গত শুক্রবার।
এরপর নানা প্রশ্ন দেখা দিলে পেলের মুখপাত্র জোসে ফরনস জানান, বছর খানেক আগে নিতম্বে অস্ত্রোপচার হওয়ার পর এই ওয়াকার বা ছড়ি ব্যবহার করতে হচ্ছে ফুটবল কিংবদন্তিকে। ‘উনি এটাকে বলছেন ফুটবলের চাকা লাগানো নতুন জুতা’—ফরনস চেষ্টা করেছেন সবাইকে নিরুদ্বিগ্ন রাখতে। তবে তা সম্ভব নয় বলেই হয়তো এরপরই ব্যাখ্যা করে বলেছেন, ‘প্রত্যেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু এটাই তো জীবন। ওনার জন্যও এটা ভালো কিছু নয়। কিন্তু জীবনে অনেক সময় অনেক কিছুই আপনাকে মানিয়ে নিতে হয়।’
তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলসম্রাট ফুটবল ছেড়েছেন সেও প্রায় চার দশক হতে চলল। তবে তাঁকে নিয়ে গত কয়েক মাসের খবরগুলোর বেশির ভাগই স্বাস্থ্য বা চিকিৎসা-সংক্রান্ত। উদ্বেগ হওয়াই স্বাভাবিক। সবার কাছে পেলের জন্য তাই আশীর্বাদই চেয়েছেন ফরনস, ‘আশা করি, কয়েক মাসের মধ্যে উনি মাঠে নেমে পড়ার মতোই সুস্থ হয়ে যাবেন। ধরে নিন, আপাতত উনি বেঞ্চে আছেন।’ সূত্র: গাজেতা দো পোভো।