পেলে বলে কথা!

ইতিহাসের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন পেলে। খেলোয়াড়ি জীবনের সব স্মারক নিলামে তুলেছেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার। নিলাম থেকে ৩০ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ কোটি ৪০ লাখ) পাওয়ার আশা করছেন পেলে। যার একটি বড় অংশ ব্রাজিলের একটি শিশু হাসপাতাল পেকুয়েনো প্রিন্সিপেকে দিতে চান ফুটবলের রাজা।
গতকাল লন্ডনে শুরু হয়েছে সেই নিলাম। সুযোগ হাতছাড়া করেননি আগ্রহীরা। প্রথম দিনেই দারুণ সাড়া মিলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র এসকেপ টু ভিক্টরিতে ব্যবহৃত বুটটি বিক্রি হয়েছে ৮ হাজার ২৫ পাউন্ডে। এই বুট থেকে ৪ থেকে ৫ হাজার পাউন্ড আয় করার কথা ভেবেছিল নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন। পেলের নাম লেখা ২০১৫ সালের ব্রাজিল দলের জার্সি থেকে ২৮০ পাউন্ড পাওয়ার আশা করা হয়েছিল, সেটিও বিকিয়েছে ৭২৫ পাউন্ডে।
এগুলো তো কোনো না কোনোভাবে পেলের সঙ্গে যুক্ত। নিলামে পেলের নাম লেখা তিনটি ফলকই বিক্রি হয়েছে যথাক্রমে ২২৫, ৪২৫ ও ১২২৫ পাউন্ডে! মূল আকর্ষণগুলো এখনো নিলামে তোলা হয়নি। জুলে রিমে ট্রফির রেপ্লিকা, ব্রাজিলের হয়ে জেতা বিশ্বকাপ পদক, জার্সি, বুট, ক্যারিয়ারের ১০০০তম গোল করার বল—সবগুলোই এখনো হাতবদলের অপেক্ষায় আছে। তবে সে জন্য ক্রেতাদের কাঁড়ি কাঁড়ি অর্থ নিয়েই হাজির হতে হবে।
১০০০তম গোলের বলের জন্য ৪২ হাজার পাউন্ড পাওয়ার আশা করা হচ্ছে, বাংলাদেশি টাকায় যা ৪৮ লাখ টাকার একটু বেশি। বিশ্বকাপের তিনটি পদকের জন্য ট্যাঁক হালকা করতে হবে আরও বেশি, ধারণা করা হচ্ছে ’৫৮, ’৬২ ও ’৭০ বিশ্বকাপের পদকগুলোর একটি পেতেই ১ লাখ ৪০ হাজার পাউন্ডের আশপাশে খরচ করতে হবে। অর্থাৎ সোনালি পদকগুলোর একটির মূল্যই ১ কোটি ৬০ লাখ টাকারও বেশি!
তবে জুলে রিমে ট্রফির রেপ্লিকার তুলনায় এ তেমন কিছুই নয়। এই অমূল্য স্মারকটি হাতবদল করে খুব বেশি না, মাত্র ৪ কোটি ৭০ লাখ টাকা পাওয়ার আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান। যাঁরা অর্থের এমন ঝনঝনানি দেখাতে পারবেন না, তাঁদেরও সুযোগ আছে। ছোটখাটো অনেক স্মারকই আছে, যা ২০০ থেকে ৫০০ পাউন্ডের মধ্যে পাওয়া সম্ভব। তবে ইতিহাসকে সঙ্গী করার এ সুযোগ শেষ হয়ে যাবে খুব দ্রুত। আগামীকালই শেষ হয়ে যাচ্ছে নিলাম। এএফপি, বিবিসি।