পেলেকে ছাড়িয়ে গেলেন 'স্কার্ট পরা পেলে'

তাঁকে বলা হয় মেয়েদের ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার। তর্কসাপেক্ষে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলের সঙ্গে মিলিয়ে তাঁর নামও হয়ে গেছে স্কার্ট পরা পেলে। স্বয়ং পেলেও সম্মতি দিয়ে বলেছিলেন, হ্যাঁ, মার্তার সঙ্গেই নামটা মানায়। একটা জায়গায় সেই মার্তাই ব্রাজিল কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন। মেয়েদের ফুটবলের এই পেলে আসল পেলেকে ছাড়িয়ে গেছেন জাতীয় দলের হয়ে গোল করার রেকর্ডে।
ছেলেদের-মেয়েদের ফুটবলের হিসেব একপাশে সরিয়ে রাখলে, ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন মার্তা। বিখ্যাত হলুদ জার্সিতে গত বুধবার শততম ম্যাচটি খেলেছেন এই ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। তাঁর গোল কতটি জানেন? ৯৮! ম্যাচপ্রতি প্রায় একটি করে গোল! অবশ্য এই রেকর্ডে ব্রাজিলের জার্সিতে খেলা সব অনানুষ্ঠানিক ম্যাচের হিসেবও আছে।
অবশ্য মার্তা বলতেই পারেন, তাতে কী! এমন রেকর্ড তো পেলেরও নেই। ব্রাজিল কিংবদন্তি জাতীয় দলের জার্সিতে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক ম্যাচ মিলিয়ে গোল করেছেন ৯৫টি। ম্যাচও খেলেছেন বেশি—১১৪টি।
গত বুধবার টর্নিয়ো ইন্টারন্যাসিওনাল দে নাতাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ১১-০ গোলে জিতেছে ব্রাজিলের মেয়েরা। গোলবন্যায় নেতৃত্ব দিয়েছেন মার্তাই। সাবেক বিশ্বসেরা এই খেলোয়াড় গোল করেছেন ৫টি।
সাবেক বলতে হচ্ছে। অথচ একটা সময় বর্ষসেরা উপাধিটা ছিল মার্তার প্রায় একার সম্পত্তি। ২০০৬-২০১০—এই পাঁচ বছর টানা মেয়েদের ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মার্তা। শুধু বর্ষসেরাই কেন, সেরা তিনের মধ্যেই তো ছিলেন টানা এগারো বছর! শুধু এই বছরটাই গেছে রসকষহীন। মেয়েদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও তাঁরই (১৫টি)। স্কার্ট পরা পেলে নামটা তোর আর এমনি হয়নি। মার্তার ফুটবলে এতটাই দক্ষ, অনায়াসে যেকোনো পেশাদার পুরুষ দলে টক্করও দিতে পারবেন।
তবে যাই হোক না কেন, একটা জায়গায় কখনোই পেলেকে ছাড়িয়ে যেতে পারবেন না তিনি। এত এত রেকর্ড, গোল, পুরস্কার—অথচ কখনো বিশ্বকাপটাই ছুঁয়ে দেখা হয়নি মার্তার। সর্বোচ্চ সাফল্য ২০০৭ বিশ্বকাপে রানার্সআপ। তিনবার বিশ্বজয় করা পেলে হয়তো একটু মুচকি হাসছেন। বিশ্বসেরা হওয়া তো নিত্যদিনের কম্ম নয়! তথ্যসূত্র: সাম্বাফুট।