পেলেকে যেখানে যেখানে ছাড়িয়ে যাবেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। ফাইল ছবি
নেইমার ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। ফাইল ছবি

দুঃখটা ইব্রাহিমোভিচই সবচেয়ে ভালো বোঝেন। গত চার মৌসুমে ক্লাবের জার্সি গায়ে ১৬৭টি গোল করেছেন। প্রতি মৌসুমে গড়ে ৪২টি করে গোল। তার পরও ইব্রার নাম কবার আপনার কানে বেজেছে বলুন? সেটা তো শুধু মেসি-রোনালদো, রোনালদো-মেসিতেই ঝালাপালা! 
আসলে ইব্রাদের দুঃখটা হলো ভুল সময়ে জন্ম নেওয়া। অন্য কোনো সময় হলে গোটা দুনিয়া নিঃসন্দেহে কুর্নিশ করত তাঁদের। কিন্তু মেসি-রোনালদো নামের এই দুই আশ্চর্য জাদুকর হ্যাট থেকে একের পর এক বিস্ময়ের খোরগোশ কিংবা লেসফিতা বের করে আনছেন তো আনছেনই। সর্বশেষ ছয়টি ব্যালন ডি’অর দুজনের মধ্যে ভাগাভাগি হয়েছে। ভাগাভাগি হবে এবারেরটাও। হয়তো সামনের আরও কয়েকটি!
রোনালদো-মেসির এই রাজত্বে জন্মেও একজন কিন্তু একটা জায়গায় মেসি-রোনালদোকেও ম্লান করে দেন। তিনি নেইমার। ক্লাবের হয়ে দুর্দান্ত কিন্তু জাতীয় দলে নিষ্প্রভ—এই অপবাদের কাঁটা যখন বারবার পায়ে বেঁধে মেসি-রোনালদোর, সেখানে নেইমার দুই জার্সিতেই আশ্চর্য রকমের উজ্জ্বল। বরং জাতীয় দলের জার্সিতে যেন তিনি আরও বেশি আলো ছড়ান। ব্রাজিলের হয়ে অবিশ্বাস্য ধারাবাহিক বলেই মাত্র ২২ বছর বয়সেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের অবস্থান এখন পাঁচে।
যে গতিতে ছুটছেন, সেটার আশপাশেও থাকতে পারলে নিঃসন্দেহে নেইমার একদিন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। কে জানে, হয়তো ব্রাজিলের প্রথম খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরিও করবেন। ৫৮ ম্যাচে ৪০ গোল তাঁর। যেখানে ৫১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ১১৬ ম্যাচ। ৯৫ ম্যাচে ৪৪ গোল করেছেন মেসি। সবচেয়ে বড় কথা, জাতীয় দলের জার্সিতে খেলাটা দারুণ উপভোগ করেন নেইমার। । জাপানের বিপক্ষে ৪ গোল করে আবারও সেটা প্রমাণ করলেন মেসি-রোনালদোর বেলায় এই উপভোগ করার ব্যাপারটা কর্পূরের মতো উবে যায়, কেমন যেন ভারাক্রান্ত দেখায় তাঁদের।
সবকিছু ঠিকঠাক থাকলে আরও কমপক্ষে ১০ বছর জাতীয় দলে খেলবেন নেইমার। কে জানে হয়তো খেলবেন আরও তিনটা বিশ্বকাপ। একদিন হয়তো পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তিনিই হবেন, কিন্তু পেলেকে ‘ছাড়িয়ে’ যাওয়া কি আসলেই সম্ভব? তিন তিনটা বিশ্বকাপ, এক হাজার ২৮১ গোল—পেলেই তো ফুটবলের মাউন্ট এভারেস্ট।
তিনটা বিশ্বকাপ হয়তো জেতা হবে না, তবে নেইমার চাইলে বেশ কয়েকটি জায়গায় পেলেকে ছাড়িয়ে যেতেই পারেন। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তো আছেই। ৭৭ গোল করে যেখানে সবার ওপরে পেলে। রোনালদো, রোমারিও ও জিকো করেছেন যথাক্রমে ৬২, ৫৫ ও ৪৮ গোল। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও নিজের করে নিতে পারেন নেইমার। ১৪২ ম্যাচ নিয়ে যেটি এখন কাফুর দখলে। চার বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে প্রতিবছর গড়ে ১৫টি করে ম্যাচ খেলেছেন নেইমার। আরও ১০ বছর ক্যারিয়ারটা স্থায়ী হলে কাফুর রেকর্ডটা তো ভেঙে দেবেনই।
বিশ্বকাপে অভিষেকেই ৪ গোল করেছেন। কনফেডারেশনস কাপেও করেছিলেন ৪ গোল। কমপক্ষে দুটো বিশ্বকাপ তো খেলবেনই। কে জানে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি আবার ব্রাজিলে ফিরিয়ে আনবেন কি না নেইমার! মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল করে ভেঙেছেন রোনালদোর রেকর্ড। বিশ্বকাপে পেলে করেছিলেন ১২ গোল। সেই রেকর্ডটা ভেঙে দেওয়া নেইমারের পক্ষে খুবই সম্ভব।
জাতীয় দলের জার্সি গায়ে ৪ গোল! আন্তর্জাতিক ফুটবলে খুব একটা দেখা যায় না এমনটা। মাত্র নয়জন খেলোয়াড়ের আছে এই কীর্তি। তৃতীয় হ্যাটট্রিকে যে কীর্তিটি ছুঁয়েছেন নেইমার। এখন বলা হচ্ছে, নেইমার কি পারবেন এক ম্যাচে ৫ গোল করতে? যে কীর্তি আছে এভারিস্তোর। ১৯৫৭ থেকে ১৯৬২ পর্যন্ত বার্সেলোনায় খেলে যাওয়া এই সাবেক ব্রাজিলিয়ান ১৯৫৭ সালে কলম্বিয়ার বিপক্ষে করেছিলেন এই কীর্তি।