পেলেগ্রিনির পর গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা,ম্যানুয়েল পেলেগ্রিনি
পেপ গার্দিওলা,ম্যানুয়েল পেলেগ্রিনি

ব্যাপারটা মোটামুটি অনুমানই করা যাচ্ছিল। গত ডিসেম্বরেই পেপ গার্দিওলা যখন বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিলেন, সম্ভাব্য গন্তব্য নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছিল, স্পেন-জার্মানির পর এবার গার্দিওলা ইংল্যান্ডেই যাচ্ছেন, ম্যানচেস্টার সিটিই হচ্ছে নতুন ঠিকানা। কাল সেটা সত্যি প্রমাণিত হলো, তিন বছরের জন্য গার্দিওলার সঙ্গে চুক্তি করেছে সিটি। যার অর্থ, এই মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন সিটির বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।
ম্যান সিটি কাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে, গত কয়েক সপ্তাহের মধ্যে পেপ গার্দিওলার সঙ্গে ২০১৬-১৭ মৌসুম থেকে নতুন কোচ হওয়ার জন্য আমরা চুক্তি করেছি। চুক্তিটা তিন বছরের জন্য।’
বার্সেলোনার হয়ে গার্দিওলার কোচিংয়ের শুরুটাই যেন ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে চার বছরে সম্ভাব্য সবকিছু জিতেছেন। এরপর এক বছর বিরতি দিয়ে তিন মৌসুম আগে যোগ দিলেন বায়ার্ন মিউনিখে। বায়ার্নকে হেসেখেলে বুন্দেসলিগা জেতালেও চ্যাম্পিয়নস লিগটা অধরাই থেকে গেছে। এ বছরও আবার হয়তো লিগ জিতবেন, তবে বায়ার্নের হয়ে এবারই চ্যাম্পিয়নস লিগ জেতার শেষ সুযোগ।
কিন্তু মৌসুমের মাঝামাঝি এসে এমন ঘোষণা পেলেগ্রিনির জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে না? ম্যান সিটি অবশ্য দাবি করেছে, ‘ম্যানুয়েল পেলেগ্রিনি ও খেলোয়াড়দের প্রতি সম্মান দেখিয়ে অপ্রয়োজনীয় গুঞ্জন এড়ানোর জন্য এখনই ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়েছে। ম্যানুয়েল এই সিদ্ধান্তের পক্ষেই আছেন, আর এই মৌসুমে তাঁর লক্ষ্য পূরণে পুরোপুরি মনোযোগী।’ পেলেগ্রিনিও আগে সংবাদ সম্মেলনে বলে গেছেন, বিদায়ের ব্যাপারটা তিনি আগেই জানতেন, ‘ক্লাব আমার অজান্তে কিছু করছে না। এক মাস আগে থেকেই ব্যাপারটা জানতাম। আর এটা নিয়ে খুব বেশি বলারও নেই। আমি ৩০ জুনই আমার দায়িত্ব শেষ করব।’
কিন্তু আগুয়েরোরা কি ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারবেন? এএফপি।