পেলের কৃতিত্বে নেইমারের ভাগ বসানোর দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলের পাশে বসতে পারেন নেইমারও
পেলের পাশে বসতে পারেন নেইমারও
>বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছেন নেইমাররা। এই বেলজিয়ামের বিপক্ষেই অনন্য এক রেকর্ড আছে ব্রাজিল কিংবদন্তি পেলের। নেইমার কি পারবেন সেই বেলজিয়ামের বিপক্ষে তেমন কিছু করতে?


১৯৬৫ সালের কথা। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও বেলজিয়াম। লক্ষাধিক দর্শকের গগনবিদারী আওয়াজে অনুপ্রাণিত হয়ে সেদিন দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ‘কালোমানিক’ পেলে। ব্রাজিল জিতেছিল ৫-০ গোলে। আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে পেলের শিষ্যরা সে ম্যাচ থেকে প্রেরণা নিতেই পারেন। সেটি যে ছিল বেলজিয়ানদের বিপক্ষে ব্রাজিলীয়দের এক স্মরণীয় উপাখ্যান।

সেই ম্যাচে ব্রাজিলের জার্সিতে পেলে ছাড়াও ছিলেন গারিঞ্চা, জালমা সান্তোসের মতো যুগজয়ী তারকারা। কিন্তু ম্যাচটির প্রথমার্ধ স্টেডিয়ামের দর্শকদের বেশ হতাশই করেছিল সেলেসাওরা। অনেক চেষ্টা, অনেক আক্রমণ করেও প্রথমার্ধে সেদিন বেলজিয়ান রক্ষণ ভাঙতে পারছিলেন না ব্রাজিলের বিখ্যাত ফরোয়ার্ডরা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের পরিস্থিতি পাল্টে দিলেন পেলে!

৪৯ মিনিটে গোল পেয়ে গেলেন পেলে। ব্যস, বেলজিয়ান রক্ষণ খেই হারিয়ে ফেলল। ৬৪ ও ৭০ মিনিটে আরও দুই গোল পেয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন তিনি। গারিঞ্চা সেদিন কোনো গোল করতে পারেননি। বাকি দুটি গোল ফ্লাভিও মিনুয়ানো আর রিনালদোর।

এ ম্যাচের আরও একটি মাহাত্ম্য আছে। এটিই ছিল পেলের ক্যারিয়ারের সর্বশেষ হ্যাটট্রিক। ব্রাজিলের হয়ে সাতটি হ্যাটট্রিক আছে তাঁর, এরপর বিশ্বকাপ জিতেছেন ১৯৭০ সালে। খেলেছেন আরও ছয় বছর। কিন্তু হ্যাটট্রিক-কীর্তি আর করা হয়ে ওঠেনি।

এ যুগের ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার। সেই ১৯৬৫ সালের পর থেকে ব্রাজিলের রিও নদীতে কত পানিই তো বয়ে গেল, ব্রাজিল-বেলজিয়ামেও এসেছে কত পরিবর্তন। পরিবর্তনের ছোঁয়া লেগেছে ফুটবলেও। বেলজিয়ামের ফুটবল এখন আগের থেকে অনেক উন্নত, অনেক শক্তিশালী। এবারের ফুটবল দলটাকে বেলজিয়ামের সোনালি প্রজন্ম মানা হচ্ছে। নিজেদের ঐতিহ্যের প্রতি সুবিচার করে নিজেদের ফুটবলের মান অটুট রেখেছে ব্রাজিলও।

বেলজিয়ানদের বিপক্ষে পেলে-গারিঞ্চারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এবার নেইমার-কুতিনহোদের পালা!