পেলের গোলে ইতালির জয়

নিজের অভিষেক ম্যাচেই বাজিমাত করলেন গ্রাজিয়ানো পেলে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘আজ্জুরি’ পেলের গোলেই ইতালি মাল্টাকে হারিয়েছে ১-০ গোলে।
আজারবাইজানের বিপক্ষে আগের ম্যাচেই ইতালিকে জিততে হয়েছে বেশ কষ্ট করে (২-১)। মাল্টার বিপক্ষে কোচ অ্যান্তোনিও কন্তে পরিবর্তন এনেছিলেন চারটি। পেলে সেই পরিবর্তনের সুযোগটাই নিয়েছেন দারুণভাবে। অভিষেকে দেশের হয়ে গোল করে কন্তের প্রত্যাশার প্রতিদানটা দিয়েছেন বেশ ভালোভাবেই।
খেলার স্কোরলাইন অবশ্য এই ম্যাচ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিচ্ছে না। স্কোরলাইন দেখে এটিকে ইতালির আরও একটি কষ্টার্জিত অর্জন মনে হলেও আসল চিত্র পুরোপুরি ভিন্ন। পুরো ম্যাচে নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করেও মাল্টার পোস্টে চারটি বল লাগিয়ে ইতালি এই ম্যাচে নিজেদের প্রতি অবিচারই করেছে।
খেলার প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় মাল্টা। অধিনায়ক মিচেল মিফসুদের লালকার্ড বেশ বিপাকেই ফেলে দেয় তাদের। তার পরও দলটি প্রশংসা পেতে পারে ইতালির মতো দলের বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়ার জন্য। খেলার একেবারে শেষ দিকে অবশ্য ১০ জনের দলে পরিণত হয় ইতালিও। বাজে ফাউল করায় লিওনার্দো বানুচ্চিকে সরাসরি লালকার্ড দেখিয়েই মাঠছাড়া করেন রেফারি।
এই ম্যাচে জিতে ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রাখল কন্তে-বাহিনী। এই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে ইতালি। দিনের অপর ম্যাচে আজারবাইজানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইতালির সঙ্গে জায়গাটা দখলেই রেখেছে ক্রোটরা। সূত্র: রয়টার্স।