পেলের চুমু ও তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাও পাওলোর রাস্তায়, ল্যাম্পপোস্টে একই রকম অনেকগুলো চিত্রকর্ম শোভা পাচ্ছে। সব ছবিতে কুশীলব দুজন, যাঁর মধ্যে একজন সব সময়ই থাকেন—পেলে। ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিল কিংবদন্তি অন্যজনের গালে চুমু এঁকে দিচ্ছেন। কখনো পেলে চুমু খাচ্ছেন জ্যামাইকান সংগীত কিংবদন্তি বব মার্লেকে, কখনো বা সেটি পাচ্ছেন ষাটের দশকের লাস্যময়ী অভিনেত্রী মেরিলিন মনরো। এমনকি মোনালিসাও বাদ যাননি।
‘পেস্ট-আপ’ ধরনের এই চিত্রকর্মগুলো শিল্পী লুইস বুয়েনোর সৃষ্টি। উদ্দেশ্য, মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। ফুটবল ম্যাগাজিন ফোরফোরটুকে বুয়েনোই বলেছেন, ‘চুমুর এই প্রতিকৃতি সবাইকে ছুঁয়ে যাওয়ার কথা। আর এর জন্য পেলের চেয়ে ভালো আর কে হতে পারেন।’
চিত্রকর্মের ধারণাও এসেছে নিউইয়র্ক কসমসের হয়ে পেলের বিদায়ী ম্যাচের ছবিটি থেকে। ‘ও রেই’ সেদিন চুমু এঁকে দিয়েছিলেন কিংবদন্তি মোহাম্মদ আলীর গালে। তা পেলে কী ভাবছেন ছবিগুলো নিয়ে? জানতে আগ্রহী বুয়েনোও, ‘আমি একবার তাঁর সঙ্গে দেখা করতে চাই। সেটি না হলেও অন্তত এই পেস্ট-আপগুলো তাঁকে পাঠিয়ে দিতে চাই।’

হয়তো সে ক্ষেত্রে পেলের স্নেহের চুম্বন পড়বে বুয়েনোর গালেও। ফোরফোরটু।