প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ পাচার মামলায় ৩৩ বছরের জেল হয়েছিল। কিছুদিন জেলও খেটেছেন পেলের ছেলে এডিনহো। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে ছাড়া পান গত নভেম্বরে। কিছুদিন বিরতির পর সেই এডিনহো আবার ফুটবলেও ফিরলেন। এবার কোচের ভূমিকায়। ব্রাজিলের সিরি ‘বি’র ক্লাব মোগি মিরিমের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এডিনহো। মোগি মিরিম ক্লাবটির প্রেসিডেন্ট সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভালদো। এডিনহোকে কোচের দায়িত্ব দেওয়ার কথাটি তিনিই নিশ্চিত করেছেন ফেসবুকে, ‘সান্তোসে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এডিনহো। আশা করছি, মোগি ক্লাবেও নিজের সেরাটা দেবেন।’ গত সপ্তাহে মোগি ৩-১ গোলে বোটফোগোর কাছে হেরে যাওয়ায় কোচ ক্লদিনহো বাতিস্তাকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। তাঁর উত্তরসূরি হিসেবেই দায়িত্ব পেলেন পেলে-তনয়। আইএএনএস।