পেলের জিভে বাংলার ইলিশ

৩৮ বছর পর কলকাতায় পা রেখেছেন পেলে। বিরাট আয়োজনে অতিথিকে বরণ করে নেওয়া বাঙালির চিরায়ত ঐতিহ্য। পেলেকে সেভাবেই বরণ করেছে কলকাতাবাসী। রাতে হবে জম্পেশ পেট পুজো। তখনই ব্রাজিলীয় কিংবদন্তির পাতে উঠবে বাংলার ইলিশ।
ভোজনবিলাসে বরাবরই এক কাঠি এগিয়ে বাঙালি। অতিথি আপ্যায়নে থাকে জিবে জল আনা সব খাবার। পেলের ক্ষেত্রেও একই ব্যবস্থা। তো তিনবার বিশ্বকাপজয়ীর কী কী থাকছে খাবার তালিকায়? আয়োজক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা শতদ্রু দত্ত বললেন, ‘রাতে থাকছে ভাপা ইলিশ, সঙ্গে চিংড়ির মালাইকারি।’ এ ছাড়া থাকতে পারে পেলের প্রিয় ভাত এবং শিম।
তিন দিনের সফরে ভারতে আসা ৭৪ বছর বয়সী ব্রাজিলীয় কিংবদন্তির আজ কোনো কর্মসূচি ছিল না। আগামীকাল সোমবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে যাওয়ার কথা। সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করবেন। সেখানে উপস্থিত থাকবেন কিংবদন্তি সুরকার এআর রেহমানও। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।