পেলের রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক গেমস ফুটবলে কখনোই খেলেননি পেলে। আর গেমস ফুটবলের শিরোপাও কখনো জিততে পারেনি ব্রাজিল। তাহলে ব্রাজিলকে শিরোপা জেতানোর জন্য কি মাঠে নেমে যেতে হবে পেলেকে? অবসর ভেঙে মাঠে নামতে প্রস্তুত ফুটবলসম্রাট! আগস্টে অলিম্পিক শুরু হচ্ছে ব্রাজিলেই। রিও ডি জেনিরোতে তাঁর দেশ শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচাবে এটাই চাওয়া পেলের। সে চাওয়া পূরণের জন্য রসিকতা করে মাঠে ফেরার কথাও বলছেন ৭৫ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি, ‘পেশাদার ফুটবলার ছিলাম। তাই অলিম্পিক ফুটবলে খেলা হয়নি আমার। আর কখনো অলিম্পিক ফুটবলে সাফল্যও পায়নি ব্রাজিল। এবার ব্রাজিলে অলিম্পিক খেলতে যাচ্ছি আমরা। আমার মনে হয়, অলিম্পিকটা খেলার জন্য আমি প্রস্তুত। হয়তো ব্রাজিলের জন্য আমি শিরোপাটা জিততে পারব। হাতে পাঁচ মাস সময় আছে, এর জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে।’ পেলে রসিকতা করেছেন, কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর মধ্য দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছে অলিম্পিক শিরোপা জয়ের আকুতি। আইএএনএস।