পেলের রেকর্ড ভাঙেননি মেসি, করতে হবে আরও ৪৪৮ গোল?
এক ক্লাবের হয়ে ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন লিওনেল মেসির। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে গত সপ্তাহেই পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। সান্তোসের হয়ে পেলের করা ৬৪৩ গোলের রেকর্ডটা এত দিন সবার নাগালের বাইরে বলেই মনে হচ্ছিল। কিন্তু বার্সেলোনার জার্সিতে মেসি সব রেকর্ড দখলে নেবেন বলেই হয়তো পণ করেছেন।
বার্সেলোনার হয়ে ৬৪৪ গোল করার পর স্বয়ং পেলে মেসিকে অভিনন্দন জানিয়েছেন। নিজের রেকর্ড ভাঙার পরও পেলের এমন ভালোবাসা মুগ্ধ করেছে সবাইকে। কিন্তু পেলের সাবেক ক্লাব সে পথে হাঁটেনি। সান্তোসের দাবি, পেলের রেকর্ড এখনো ভাঙতে পারেননি মেসি। সাদকালো জার্সিতে পেলের গড়া রেকর্ড ভাঙতে আরও বহুদূর পথ পাড়ি দিতে হবে মেসিকে।
গতকাল সান্তোস মেসির রেকর্ড ও পেলের সান্তোসের গোল নিয়ে অনেক বড় এক প্রতিবেদন ছাপিয়েছে। ক্লাবের ওয়েবসাইটে সান্তোস ক্লাবের গবেষক ও ইতিহাসবিদদের সংস্থা এ ব্যাপারে তাদের ব্যাখ্যা জানিয়েছে। তাদের দাবি অনুযায়ী সান্তোসের জার্সিতে পেলের গোল ১০৯১টি। কারণ, সে যুগে স্বীকৃত ও প্রীতি ম্যাচ ফুটবলের মধ্যে কোনো পার্থক্য দেখা হতো না। প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, ‘গত কয়েক দিনে সান্তোসের জার্সিতে পেলে কত গোল করেছেন, এ নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কথাবার্তা হয়েছে। কিছু পরিসংখ্যানবিদের চোখে আর্জেন্টিনার লিওনেল মেসি (বার্সেলোনা) একই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। প্রীতি ম্যাচ বাদে কাতালান ক্লাবের হয়ে ৬৪৪ গোল করেছেন তিনি, অনেকে যেটাকে বলছেন প্রতিযোগিতামূলক গোলসংখ্যা।’
‘বার্সেলোনার দশ নম্বর জার্সিধারীকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন পেলে। সম্রাট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এক ক্লাবের হয়ে এত দিন খেলা, আমাদের গল্পটা দুঃখজনকভাবে ফুটবলে বিরল হয়ে উঠবে।’ কিন্তু সংবাদমাধ্যমগুলো ক্লাবের হয়ে গোলের সর্বকালের সেরা রেকর্ড থেকে অনেক কিছু বাদ দিয়েছে। সান্তোসের জার্সিতে পেলে ১০৯১ গোল করেছেন। সংবাদমাধ্যমের চোখে প্রতিযোগিতামূলক ম্যাচে ফুটবলের রাজা ৬৪৩ গোল করেছেন। আর প্রীতি টুর্নামেন্ট ও ম্যাচগুলোতে করা ৪৪৮ গোলকে এক পাশে ফেলে রেখেছে, যেন এ গোলগুলোর কোনো মূল্য নেই।’
‘আজ যে ৪৪৮ গোল বাতিল করার চেষ্টা চলছে, সে গোলগুলো সে সময়কার সেরা দল ও ক্লাবের বিপক্ষেই করা হয়েছে। আমেরিকা (মেক্সিকোর ক্লাব) ও চোলো চোলো (চিলিয়ান ক্লাব) দুই দলই পেলের কাছ থেকে ৯ গোল হজম করেছে। ১৯৬০–এর দশকে ইউরোপের অন্যতম মূল দল ইন্টার মিলানের বিপক্ষে সম্রাটের ৮ গোল আছে। এ তালিকা অনেক লম্বা এবং এ দলগুলোর মধ্যে আছে রিভার প্লেট, বোকা জুনিয়রস, রেসিং, ইউনিভার্সুদাদ দে চিলি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, লাৎসিও, নাপোলি, বেনফিকা এবং আন্ডারলেখট। মেসি যে দলে খেলেন, সেই বার্সেলোনাও পেলের শিকারের মধ্যে আছে। তাদের বিপক্ষে ৪ ম্যাচে ৪ গোল তাঁর।’
প্রতিবেদনের বাকি অংশে ব্যাখ্যা করা হয়েছে কেন প্রীতি ম্যাচে করা পেলের গোলগুলোকেও হিসাব করতে হবে। সান্তোসের গবেষক ও ইতিহাসবিদদের সাবি, ওই সময়ে সব প্রীতি ম্যাচই ফিফার নিয়ম মেনে ও অনুমতি নিয়েই হতো। আর প্রীতি ম্যাচে দুর্বল দলের বিপক্ষে করা গোল হিসাবে না নেওয়ার ব্যাপারে তাদের দাবি, এইবারের বিপক্ষে করা এক গোল যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে করা এক গোলের সমান হয়; তবে সুরিনামের ত্রান্সভাল দলের বিপক্ষে করা গোলের মূল্যও বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা গোলের সমান।
এটাও বলা হয়েছে, তখন ফুটবলের আয়ের উৎসই ছিল বিভিন্ন মহাদেশে গিয়ে বড় বড় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা। ইউরোপের বড় ক্লাবের সঙ্গে করা পেলের গোলকে তাই কোনোভাবেই প্রীতি ম্যাচের গোল বলে হারিয়ে যেতে দিতে নারাজ সান্তোসের এই গোষ্ঠী। সে সময় আন্তর্জাতিক ফিফা উইন্ডো বলে কিছু না থাকায় জাতীয় ফুটবলারদের অনেক বড় সময়ের জন্য ছেড়ে দিতে হতো বলেও জানিয়েছে তারা। ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭০ সালে জাতীয় দলে খেলার জন্য ক্লাবের হয়ে নাকি দুই মাসের বেশি খেলতে পারেননি পেলে।