পেলের সঙ্গে দেখা হবে 'দাদা'র

দুজন দুই জগতের। একজন ফুটবল মাঠ কাঁপিয়েছেন, আরেকজন ক্রিকেট। একজন ব্রাজিলের সাফল্যে নেতৃত্ব দিয়েছেন। আরেকজন ভারতীয় ক্রিকেটের। এবার দুজনের দেখা হবে এক মঞ্চে। অক্টোবরে পেলে আসছেন ভারতে, দেখা হতে পারে সৌরভ গাঙ্গুলির সঙ্গে।
সময়ের ফিতায় দৈর্ঘ্যটা নেহাত কম নয়। সেই ১৯৭৭ সালে ভারতবর্ষে প্রথম পা রেখেছিলেন। সুদীর্ঘ সময় পেরিয়ে আবারও ক্রিকেট-পাগল দেশটিতে আসছেন তিনবার বিশ্বকাপ জেতা ব্রাজিলীয় কিংবদন্তি। ৩৮ বছর আগে এসেছিলেন নিউইয়র্ক কসমসের হয়ে। খেলেছিলেন মোহন বাগানের বিপক্ষে। ফুটবলকে বহু আগে বিদায় জানানো পেলে এবার আসবেন শুভেচ্ছাদূত হয়ে।
আগামী অক্টোবরে দিল্লিতে ৫৬তম সুব্রত কাপের ফাইনালে বিশেষ দূত হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। তা-ই নয়, খবর বেরিয়েছে, এ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইসিএল) অ্যাটলেটিকো ডি কলকাতার প্রথম ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেলে। আর সেখানেই দেখা হতে পারে ভারতের সাবেক অধিনায়ক ও অ্যাটলেটিকো ডি কলকাতার অন্যতম স্বত্বাধিকারী সৌরভের সঙ্গে।
ভারত সফর নিয়ে যারপরনাই খুশি ১২৮৩ গোলের মালিক। ভারতে আসার ব্যাপারটি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সুব্রত কাপে অংশ নেওয়া তরুণ খেলোয়াড়দের সঙ্গে দেখা ও ভারতের শিশুদের সঙ্গে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি উদ্যাপন করতে মুখিয়ে আছি। তরুণদের এক পতাকা তলে আনতে ভারতীয় বিমানবাহিনী যেভাবে এত বড় টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে, সত্যি অবাক হয়েছি। আশা করি, আমার এ সফর অদম্য ফুটবলারদের ভবিষ্যতে উৎসাহিত করবে।’ তথ্যসূত্র: ডিএনএ।